টলিপাড়ায় বিয়ের গুঞ্জন, ডিসেম্বরেই কি মিমির বিয়ে?
সূত্রের খবর, মিমির হবু জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ।
Truth of Bengal: টলিপাড়ায় নতুন জল্পনা—ডিসেম্বরে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, শীতের মরশুমে পাহাড়েই হতে পারে বিয়ের আয়োজন। সম্ভাব্য ভেন্যু হিসেবে কালিম্পংয়ের নাম শোনা গেলেও এখনও পর্যন্ত মিমি নিজে বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
সূত্রের খবর, মিমির হবু জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন, কর্মসূত্রে নৌসেনার সঙ্গে যুক্ত। পুজোর সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু হয়। বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে বলেও দাবি করা হচ্ছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শপিং থেকে নিমন্ত্রণপর্ব—সবকিছুই ধীরে ধীরে এগোচ্ছে। যদিও বিয়ে নিয়ে মিমি বা সিদ্ধার্থ, কেউই প্রকাশ্যে এখনও মুখ খোলেননি।
জলপাইগুড়ির মেয়ে মিমি ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান। পরে ‘বাপি বাড়ি যা’, ‘বোঝে না সে বোঝে না’-সহ একাধিক ছবিতে অভিনয় করে বাংলা সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন তিনি। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা।





