রাজ্যের খবর

কোটি টাকার লেনদেনের নেপথ্যে কে? সুমিতকে ঘিরে নতুন রহস্য

শালবনি এলাকায় সরকারি জমি জালিয়াতির মাধ্যমে ছোট ছোট প্লটে ভাগ করে বিক্রি ও হস্তান্তরের অভিযোগে তদন্ত চলছে।

Truth of Bengal:শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার সুমিত রায়কে ঘিরে নতুন দাবি করল সিআইডি। মেদিনীপুর আদালতে জমা দেওয়া নথিতে তদন্তকারী সংস্থার দাবি, টানা জিজ্ঞাসাবাদে সুমিত মামলায় নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি কোটি কোটি টাকার লেনদেনের পিছনে আরও প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে বলেও তিনি তথ্য দিয়েছেন বলে দাবি সিআইডির। তবে সেই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

শালবনি এলাকায় সরকারি জমি জালিয়াতির মাধ্যমে ছোট ছোট প্লটে ভাগ করে বিক্রি ও হস্তান্তরের অভিযোগে তদন্ত চলছে। এই মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা-সহ কয়েকজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজন প্রোমোটার, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

সুমিত রায়ের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ প্রত্যাহারের পর তাঁকে গ্রেফতার করে সিআইডি।

শুক্রবার সুমিতকে মেদিনীপুর আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আট দিনের হেফাজত চায় সিআইডি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। এরপর তাঁকে ফের ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

Related Articles