অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘ডাইনি’র টিজার
The wait is over, the teaser of 'Witch' is out in public
Truth Of Bengal: মিমি চক্রবর্তী। টলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বিগত কয়েক বছর ধরে একের পর এক দুর্দান্ত কাজ উপহার দিয়ে চলেছেন তিনি। আর এবার তিনি ধরা দিলেন ‘ডাইনি’ অবতারে। কিছুদিন আগেই হাতে দা, রক্তাক্ত চেহারা নিয়ে রণং দেহি মেজাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। শুক্রবার প্রকাশ্যে এল ‘ডাইনি’র টিজার। সিরিজের পরিচালনায় নির্ঝর মিত্র। সিরিজে ফুটে উঠবে একটা প্রত্যন্ত গ্রাম, এক ভয়ানক কুপ্রথা ও তাতে জড়িয়ে পড়া অনেকগুলো জীবন। ডাইনি এক বেঁচে থাকার গল্প, নিজের সর্বস্ব দিয়ে আপনজনকে রক্ষা করার গল্প। ইতিমধ্যেই ‘ডাইনি’র টিজার ব্যাপক নজর কেড়েছে সিনেপ্রেমীদের।
পরিচালক নির্ঝর মিত্র তার সিরিজে ফুটিয়ে তুলবেন দুই বোনের গল্প। সিরিজে বড়বোনের নাম পাতা এবং ছোট বোনের নাম লতা। মিমি চক্রবর্তীকে দেখা যাবে পাতার চরিত্রে। টিজারে শুরুতেই দেখা যায়, রক্তাত্ব অবস্থায় মাটিতে শুয়ে রয়েছেন মিমি, আর বলছেন “মা বলত ওকে আগলে রাখার দায়িত্ব আমার, আমি কোনওদিনও মানিনি। ছোট থেকে ভাবতাম ও অপয়া, ছোটলোক। হঠাৎ একদিন মাকে ভগবান নিয়ে চলে গেল। আর তারপর আমিও ওকে এই নরকে রেখে পালিয়ে গেলাম। তারপর ওরদিকে ঘুরেও তাকাইনি।” আর তারপর হঠাৎ করেই অস্ত্র নিয়ে সামনে ছুটে এলেন ‘ডাইনি’ রূপী মিমি। ব্যাস এভাবেই এদিন সামনে এল ‘ডাইনি’র টিজার। আগামী ১৪ মার্চ জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী অভিনীত সিরিজ ‘ডাইনি’।






