বম্বে হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু! প্রাক্তন স্ত্রীর ‘নির্যাতন’ তত্ত্বের জবাবে আইনি পদক্ষেপ গায়কের
নোটিশে শুধু রীতাকেই নয়, সেই সাক্ষাৎকার প্রকাশিত হওয়া সকল প্ল্যাটফর্মকেও তাত্ক্ষণিকভাবে সাক্ষাৎকারটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।
Truth Of Bengal: মাসখানেক আগে কুমার শানু সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। রীতার অভিযোগ, গর্ভাবস্থায় কুমার শানু ও তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা শারীরিক ও মানসিক নিগ্রহ করতেন। এমনকি সদ্যোজাত পুত্রের খাবার বা দুধের জন্যও সাহায্য চাইলেও রীতাকে অপমানিত হতে হত।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কুমার শানু বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন তিনি। রীতা ভট্টাচার্যের সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর ২৭ সেপ্টেম্বরই কুমার শানু তাঁকে আইনি নোটিশ পাঠান। নোটিশে শুধু রীতাকেই নয়, সেই সাক্ষাৎকার প্রকাশিত হওয়া সকল প্ল্যাটফর্মকেও তাত্ক্ষণিকভাবে সাক্ষাৎকারটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরই আদালতে মামলা দায়ের করা হয়েছে।
শানুর দাবি, রীতার বক্তব্য তাঁর খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করেছে এবং মানসিক চাপের মধ্যে দিন কাটাতে বাধ্য করেছে। শানুর আইনজীবী জানান, গত ৪০ বছর ধরে সঙ্গীত জগতে নিজেকে নিমজ্জিত রেখেছেন কুমার শানু এবং কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন। মিথ্যা অভিযোগ দিয়ে অল্প সময়ের জন্য মনোযোগ পাওয়া সম্ভব হলেও শিল্পীর সুনাম কলুষিত করা যাবে না।
উল্লেখযোগ্য, শানু ও রীতার বিবাহবিচ্ছেদ ২০ বছর আগে হয়। সাম্প্রতিক সাক্ষাৎকারে রীতা দাবি করেছিলেন, অন্তঃসত্ত্বা থাকাকালীনও শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছিল এবং ঠিকমতো খেতে পর্যন্ত পারতেন না। এছাড়া রীতার বক্তব্য, শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কও রয়েছে।


