দেশ

RBI Repo Rate: রেপো রেট কমাল আরবিআই, এক ধাক্কায় কমছে ঋণের ইএমআই

আরবিআই-এর এই পদক্ষেপকে অনুসরণ করে ইতিমধ্যেই দেশের আটটি বড় ব্যাঙ্ক তাদের সুদের হার কমানোর ঘোষণা করেছে।

Truth of Bengal: ব্যারোয়ারদের জন্য স্বস্তির বার্তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সম্প্রতি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশ করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পর থেকেই ঋণগ্রহীতাদের মধ্যে ইএমআই কমার আশা তৈরি হয়েছে। আরবিআই-এর এই পদক্ষেপকে অনুসরণ করে ইতিমধ্যেই দেশের আটটি বড় ব্যাঙ্ক তাদের সুদের হার কমানোর ঘোষণা করেছে। তালিকায় রয়েছে এসবিআই, কানারা ব্যাঙ্ক, পিএনবি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এর ফলে গৃহঋণ, গাড়ি বা ব্যক্তিগত ঋণের বোঝা অনেকটাই লাঘব হতে পারে।

তবে রেপো রেট কমলেই যে সবার ইএমআই একযোগে কমবে এমনটা নয়। আপনার ঋণের কিস্তি কত দ্রুত কমবে তা নির্ভর করছে আপনার লোনটি কোন বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত তার ওপর। মূলত ইবিএলআর, আরএলএলআর এবং এমসিএলআর—এই তিনটি পদ্ধতির ওপর ভিত্তি করে সুদের হার নির্ধারিত হয়। ইবিএলআর বা এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড লেন্ডিং রেট সরাসরি বাজারের হার বা রেপো রেটের সঙ্গে যুক্ত থাকে, তাই এক্ষেত্রে সুদের হ্রাসের সুবিধা দ্রুত পাওয়া যায়। একইভাবে আরএলএলআর বা রেপো লিঙ্কড লেন্ডিং রেট সরাসরি রেপো রেটের ওপর নির্ভরশীল হওয়ায় গ্রাহকরা দ্রুত স্বস্তি পান।

অন্যদিকে যাদের ঋণ এমসিএলআর বা মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেটের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে সুবিধা পেতে কিছুটা দেরি হতে পারে। এই পদ্ধতিতে ব্যাঙ্কগুলি তাদের নিজস্ব তহবিলের খরচের ওপর ভিত্তি করে সুদের হার ঠিক করে। সাধারণত ছয় থেকে ১২ মাস অন্তর এই ঋণের সুদের হার পুনর্বিবেচনা বা রিসেট করা হয়। ফলে রেপো রেট কমলেও পরবর্তী রিসেট ডেট না আসা পর্যন্ত এই গ্রাহকদের কিস্তিতে বদল আসবে না।

ইতিমধ্যেই বেশ কিছু ব্যাঙ্ক তাদের সুদের হার সংশোধন করেছে। কানারা ব্যাঙ্ক এবং পিএনবি তাদের আরএলএলআর যথাক্রমে ২৫ এবং ২৫ থেকে ৩০ বেসিস পয়েন্ট কমিয়েছে। দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই তাদের ইবিএলআর এবং আরএলএলআর উভয় ক্ষেত্রেই ২৫ বেসিস পয়েন্ট ছাড় দিয়েছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এক ধাপ এগিয়ে গৃহঋণের হার ৭.১০ শতাংশ এবং গাড়ি ঋণের হার ৭.৪৫ শতাংশে নামিয়ে এনেছে, এমনকি প্রসেসিং ফি-ও মুকুব করেছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং ইন্ডিয়ান ব্যাঙ্কও একইভাবে তাদের ঋণের হার কমিয়ে গ্রাহকদের সুবিধা করে দিচ্ছে।