কুমার শানু, শ্রেয়া থেকে মোনালি! পুজোয় রাজ্যজুড়ে ‘ট্রিবিউট টু মা’ সাংস্কৃতিক সফরে তারকার মেলা
পঞ্চমীতে দিঘায় মেগা শো, দশমীতে আকাশে ড্রোন খেলা! দুর্গাপুজোয় চোখ ধাঁধানো আয়োজনে প্রস্তুত নবান্ন
Truth of Bengal: কুমার শানু, শান, শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুর, অভিজিৎ ভট্টাচার্য, জুন ব্যানার্জি, কে নেই সেই তারকা খচিত তালিকায়! সব ঠিকঠাক থাকলে আসন্ন দুর্গাপুজোয় বাংলা সাক্ষী থাকতে চলেছে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সাংস্কৃতিক মহোৎসবের। মা দুর্গার আরাধনা, বাংলার লোকসংস্কৃতি এবং আধুনিক সুরের মেলবন্ধনে দুর্গাপুজোয় রাজ্যজুড়ে রাজ্য সরকারের তরফে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক সফর ‘ট্রিবিউট টু মা’ ট্যুর। পাঁচ গুরুত্বপূর্ণ জেলায় দু’দিন করে মোট ১০ দিন ধরে চলবে এই মেগা ভ্রমণভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
নবান্ন সূত্রে খবর, বাঁকুড়ার বিষ্ণুপুর, ঐতিহ্যবাহী নন্দীগ্রাম, উত্তরবঙ্গের শিলিগুড়ি, শিল্প শহর দুর্গাপুর এবং বহরমপুরের বিশাল মঞ্চ কাঁপাবেন দেশের নামী সঙ্গীতশিল্পীরা। তবে উদযাপনের মূল চমক থাকছে পঞ্চমী ও বিজয়া দশমীতে। পঞ্চমীর পুণ্য তিথিতে পর্যটন কেন্দ্র দিঘায় অনুষ্ঠিত হবে সবথেকে বড় মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন মোনালি ঠাকুর, মধুশ্রী, অন্তরা মিত্র, উজ্জ্বয়িনী ও জুনের মতো তারকা শিল্পীরা।
মহালয়ার দিন থেকেই রাজ্যজুড়ে উৎসবের মেজাজ তুঙ্গে তুলতে রেড রোডে বর্ণাঢ্য রোড শো এবং ইডেন গার্ডেন্সে এক মেগা শো-র আয়োজন করছে রাজ্য সরকার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সবচেয়ে চোখ ধাঁধানো আকর্ষণ তৈরি হতে চলেছে বিজয়া দশমীর মায়াবী সন্ধ্যায়, গঙ্গার ঐতিহাসিক ‘রিভার ফ্রন্টে’। আলোর সুসজ্জিত কারুকাজে সাজিয়ে তোলা হবে বিদ্যাসাগর সেতু, ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ এবং গঙ্গার দুই পাড়।
বিজয়া দশমীর সন্ধ্যায় আন্তর্জাতিক মানের আলোর খেলা, ড্রোন শো এবং আন্তর্জাতিক মানের আতশবাজির পাশাপাশি বঙ্গে এই প্রথমবার গঙ্গার বুকে আয়োজিত হতে চলেছে ভাসমান ট্যাবলো প্রদর্শন। নবান্ন সূত্রে খবর, ওইদিন বাবুঘাট, গোয়ালিয়র ঘাট ও প্রিন্সেপ ঘাট জুড়ে লাখো দর্শকের সমাগম সামলাতে প্রস্তুত প্রশাসন। বাবুঘাটে মূল মঞ্চে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাতের আকাশে ড্রোন দিয়ে ফুটিয়ে তোলা হবে ‘আবার আসবে উমা’ এবং বিদ্যাসাগর সেতু থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত হুগলি নদীর জলরাশির ওপর চলবে বর্ণিল আতসবাজির প্রদর্শনী।






