বিনোদন

নোলানের ‘দ্য ওডিসি’ দেখা মুগ্ধ? কি বললেন কমল হাসান

ইনস্টাগ্রামে কমল হাসান লেখেন, হোমার স্বপ্ন দেখেছিলেন, নোলান সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখিয়েছেন।

Truth of Bengal: পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’ দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ছবিটিকে ‘অবশ্যই দেখার মতো’ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি ভারতীয় দর্শকদের জন্য একটি বিশেষ বার্তা বা ‘ওড’ শীঘ্রই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলেও জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে কমল হাসান লেখেন, হোমার স্বপ্ন দেখেছিলেন, নোলান সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখিয়েছেন। আমি সেই প্রয়াসকে অভিনন্দন জানাই। সিনেমাপ্রেমীদের জন্য এই ছবি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। অবশ্যই দেখুন। এর পাশাপাশি তিনি জানান, ‘দ্য ওডিসি’ যখন বিশ্বজুড়ে তার যাত্রা অব্যাহত রেখেছে, তখন ভারতীয় প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য তাঁর একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য বা ‘ওড’ প্রদর্শিত হবে। খুব শীঘ্রই সেটি সামাজিক মাধ্যমেও ভাগ করে নেবেন বলে জানিয়েছেন অভিনেতা। মজার ছলে তিনি আরও লেখেন, পুনশ্চ— প্রথম প্রদর্শনী দেখেছে ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি)। তারাও অনুমোদন দিয়েছে।

ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ প্রাচীন গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্যের উপর ভিত্তি করে নির্মিত। ট্রয় যুদ্ধের পর নিজের রাজ্যে ফিরে আসার পথে বীর যোদ্ধা ওডিসিয়ুসের দীর্ঘ ও বিপদসংকুল যাত্রার কাহিনি নিয়েই ছবির মূল গল্প। এটিই নোলানের প্রথম বৃহৎ পৌরাণিক কাহিনিভিত্তিক চলচ্চিত্র। ছবিটি বিশ্বের বিভিন্ন দেশে অত্যাধুনিক আইম্যাক্স প্রযুক্তিতে চিত্রায়িত হয়েছে। নির্মাতাদের দাবি, এটি আইম্যাক্সের সর্ববৃহৎ ফিল্ম ফরম্যাটে সম্পূর্ণভাবে ধারণ করা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিটা নিয়ং’ও-সহ একাধিক আন্তর্জাতিক তারকা।

অন্যদিকে, কমল হাসানকে শেষবার দেখা গিয়েছে পরিচালক মণিরত্নমের ‘ঠাগ লাইফ’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সিলাম্বরাসন, তৃষা কৃষ্ণন, ঐশ্বর্য লক্ষ্মী, অভিরামী, অশোক সেলভান, জোজু জর্জ, নাসের, মহেশ মঞ্জরেকর, আলি ফজল, সঞ্জনা কৃষ্ণমূর্তি এবং তানিকেলা ভরণী। ১৯৮৭ সালের কালজয়ী ‘নায়কন’-এর পর এই ছবির মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করেছেন কমল হাসান ও মণিরত্নম।

Related Articles