“আমাকে অনেকটা হৃতিকের মতো দেখতে”, কঙ্গনার ‘অকর্মণ্য’ কটাক্ষের জবাবে বিস্ফোরক সিজেপির সৌরভ
পালটা জবাবে অভিনেত্রীর অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন সৌরভ
Truth of Bengal: যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর থেকেই কথার লড়াইয়ে জড়িয়েছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ও বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। দিন দুয়েক আগে সৌরভকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন কঙ্গনা। এবার পালটা জবাবে অভিনেত্রীর অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন সৌরভ। একটি সাক্ষাৎকারে রসিকতার সুরে সৌরভ বলেন, কঙ্গনার মতো একজন মানুষ কেন বারবার তাঁকে আক্রমণ করছেন, তা তিনি বুঝতে পারছেন না। এরপরই হৃতিক রোশনের প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্য, “আমার বন্ধুরা মেসেজ করে বলছে, আমাকে নাকি কম বয়সের হৃতিক রোশনের মতো দেখতে। সম্ভবত সেই কারণেই কঙ্গনা আমার পিছনে পড়ে রয়েছেন।”
সেখানেই থামেননি সিজেপি মুখপাত্র। তাঁর পরামর্শ, ব্যক্তিগত আক্রমণ না করে বিজেপি সাংসদের নিজের দায়িত্ব ও কাজের দিকে মন দেওয়া উচিত। সৌরভ বলেন, “একটু শান্ত হোন। আসুন, কথা বলে সমস্যার সমাধান করি। এই দেশের বড় সমস্যা হল, কেউ কারও সঙ্গে কথা বলতে চায় না।” জেন জি আন্দোলনের শুরু থেকেই ককরোচ জনতা পার্টি ও আন্দোলনকারীদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন কঙ্গনা। একটি গোটা প্রজন্মকে ‘নর্দমা’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। তার পালটা জবাবে সাংসদ হিসেবে কঙ্গনার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌরভ। তাঁর বক্তব্য ছিল, কঙ্গনাকে তাঁর নিজের দলের অনেকেই গুরুত্ব দেন না। তিনি নিজেই স্বীকার করেছিলেন, সাংসদ হওয়ার পর এত কাজ করতে হবে, তা আগে জানতেন না। তাই অন্যদের আক্রমণ না করে নিজের দায়িত্ব পালনে তাঁর মন দেওয়া উচিত বলে মন্তব্য করেন সৌরভ।
এই কটাক্ষের পরই সৌরভকে ব্যক্তিগত আক্রমণ করেন কঙ্গনা। তাঁকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে দাবি করে বিজেপি সাংসদ বলেন, সৌরভের সমস্যাগুলি ব্যক্তিগত। তিনি ছাত্র নন, বরং কর্মহীন। আগে কোনও বিষয়ে দক্ষতা অর্জন করে তারপর ভবিষ্যতের পথ ঠিক করার পরামর্শও দেন কঙ্গনা। এবার সেই আক্রমণের জবাব দিতে গিয়ে কঙ্গনার অতীতের সবচেয়ে আলোচিত অধ্যায়ের প্রসঙ্গ তুলে দিলেন সৌরভ। অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক ও পরবর্তী তিক্ততা নিয়ে একসময় বলিউডে বিস্তর বিতর্ক হয়েছিল। সেই পুরনো প্রসঙ্গ টেনে সিজেপি মুখপাত্রের এই কটাক্ষে তাঁদের বাকযুদ্ধ নতুন মাত্রা পেল।






