দিদি নম্বর ১’-এ স্বস্তিকা! জল্পনা সত্যি হতেই চ্যানেল কর্তৃপক্ষকে সরাসরি ‘চ্যালেঞ্জ’ ছুঁড়লেন রচনা
‘দিদি নম্বর ১’-এর নতুন মরশুমের টিজার ভাগ করে সেই জল্পনায় কার্যত সিলমোহর দিয়েছেন স্বস্তিকা
Truth of Bengal: ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা বদল ঘিরে সরগরম টেলিপাড়া। দীর্ঘদিন ধরে যে মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায় ছিলেন একচ্ছত্র মুখ, সেই জায়গাতেই এবার দেখা যেতে পারে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। গত কয়েকদিন ধরে এই নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর নতুন মরশুমের টিজার ভাগ করে সেই জল্পনায় কার্যত সিলমোহর দিয়েছেন স্বস্তিকা। শোয়ের এই মুখবদল নিয়ে দর্শকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ স্বস্তিকাকে স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে অনেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ‘লিগ্যাসি’র কথা মনে করিয়ে দিচ্ছেন। এই আবহেই এবার সঞ্চালিকা বদল নিয়ে মুখ খুললেন রচনা।

বিগত এক যুগেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ১’-এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু অভিনেত্রী হিসেবে নয়, বাংলার ঘরে ঘরে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রিয় ‘দিদি’ হিসেবে। নারীকেন্দ্রিক এই রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তার সঙ্গে তাঁর নাম প্রায় সমার্থক হয়ে গিয়েছিল। সঞ্চালিকা বদল প্রসঙ্গে রচনা বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্মাতাদের। তাঁর কথায়, রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অন্য কেউ এই অনুষ্ঠানকে একইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন কি না, তা প্রমাণ করা এখন চ্যানেল ও নির্মাতাদের বড় চ্যালেঞ্জ। তিনি জানান, নিজের সবটুকু দিয়ে তিনি এই অনুষ্ঠান করেছেন। তাঁর অবদান ছিল বলেই ‘দিদি নম্বর ১’ আজ এই জায়গায় পৌঁছেছে।
রচনা আরও বলেন, গোটা বাংলার সামনে এবার নির্মাতাদের প্রমাণ করতে হবে যে, রচনা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াও এই অনুষ্ঠান সফল হতে পারে। তবে একইসঙ্গে তিনি নতুন টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন রচনা। তিনি বলেন, স্বস্তিকার সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক। তাঁরা ভালো সহকর্মীও। নতুন সঞ্চালিকা হিসেবে স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়ে রচনা আশা প্রকাশ করেন, দর্শক তাঁকেও ভালোভাবে গ্রহণ করবেন। শোটি আগের মতোই জনপ্রিয়তা পাক, সেটাই চান তিনি। কেন তিনি ‘দিদি নম্বর ১’ থেকে সরে দাঁড়ালেন, সেই প্রশ্নের উত্তরে রচনা জানান, কাজের চাপ একটি কারণ হলেও মূল সিদ্ধান্তটি চ্যানেলের। চ্যানেল শোটিকে নতুনভাবে সাজাতে চেয়েছে। সেই সিদ্ধান্তের উপর তাঁর কিছু বলার নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।





