আন্তর্জাতিক

দূষণের জেরে পাকিস্তানে বন্ধ স্কুল অফিস

Pakistan Pollution

The Truth of Bengal: পাকিস্তানের কয়েকটি শহরে বায়ু দূষণ ভয়াবহ আকার নিয়েছে। ধোঁয়াশায় ছেয়ে গেছে লাহোরসহ পূর্বাঞ্চলের অনেক এলাকা। অসুস্থ হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পরিস্থিতি বিবেচনায় রবিবার পর্যন্ত শাটডাউন ঘোষণা করা হয়েছে অন্তত তিনটি শহরে। দূষণ পরিস্থিতিতে স্কুল,কলেজ ও সরকারি প্রতিষ্ঠান তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শ্বাসকষ্টজনিত রোগ, চোখের সংক্রমণ এবং চর্মরোগের জন্য দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় চিকিৎসকেরা। পাশাপাশি মাস্ক ব্যাবহার ও বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় লাহোরসহ তিনটি শহরে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চার দিনের জন্য পরিবেশগত জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

দেশটির পাঞ্জাব সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বায়ুদূষণ মোকাবিলায় লাহোর, গুজরানওয়ালা এবং হাফিজাবাদ বিভাগের সব বাজার, শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা, জিমনেসিয়াম, স্কুল এবং অফিস বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে।সুইজারল্যান্ড- এর এক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের শহরগুলোর বায়ুদূষণ নিয়ে নিয়মিত তথ্য দিয়ে থাকে। গত বুধবার আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে  সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় লাহোরের নাম উঠে আসে। তবে বর্তমানে দূষণ তালিকায় আট নম্বরে রয়েছে শহরটি। এদিকে গত এক সপ্তাহ ধরে ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ ভয়ানক পর্যায়ে ছিল।

তবে হালকা বৃষ্টির পর সেখানকার দূষণ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। গতকাল দিল্লি ও নয়ডার অনেক এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা কমেছে। বায়ুদূষণ কমেছে উল্লেখযোগ্য হারে। শুক্রবারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫ নম্বরে নেমেছে দিল্লি। কয়েক দিন ধরে লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০ অবধি পৌঁছেছে। সাধারণত ১০০ বা এর নিচের মাত্রাকে সন্তোষজনক বলে মনে করা হয়। লাহোরের বাসিন্দারা বলেছেন, ক্ষতিকর ধোঁয়াশা তাঁদের স্বাস্থ্য এবং অন্যান্য দৈনন্দিন কাজ মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

Free Access

Related Articles