
Thr Truth Of Bengal : মুক্তি পাচ্ছে সলমন খান অভিনীত বহু প্রতিক্ষীত ছবি টাইগার ৩। যে ছবি ঘিরে ভাইজান ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। এমনকি এই ছবিকে সালমান খানের কামব্যাক ছবি হিসেবে ধরা হচ্ছিল। সেই ছবি ঘিরেই এবার বিতর্ক। দেশের মাটিতে এই ছবিকে ঘিরে হইচই দেখা গেলেও ৩টি দেশে এই ছবি নিষিদ্ধ করা হল। রবিবার অর্থাৎ ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফের ছবি টাইগার থ্রি। দিওয়ালি মরসুমে ছবি দর্শকদের পাতে উপহার দিলেন ভাইজান, বিশেষ বিশেষ দিনে ছবি মুক্তি নিয়ে একটু বেশি সচেতন সলমন। ঈদ দিওয়ালি এই মরসুমগুলোতে তাঁর ছবি থাকবে না, এমনটা যেন হতেই পারে না।
তবে ইতিমধ্যে ১০ কোটি টাকার উপর অগ্রিম বুকিং হয়ে গিয়েছে এই ছবির। তবে সত্যি কি সলমন খানের এই ছবি বক্স অফিসে সাড়া ফেলতে পারবে। কারণ ইসলামিক ৩ দেশে নিষিদ্ধ হয়েছে এই ছবিটি। ওমান, কাতার, কুয়েত— এই তিন দেশেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ছবির উপর। কিন্তু কেন হঠাৎ সলমনের ছবিকে নিয়ে আপত্তি! মূলত দু’টি কারণ রয়েছে এর পিছনে। প্রথমত, ধর্মীয় ভাবাবেগ ও দ্বিতীয়ত ক্যাটরিনা কইফের তোয়ালে পরা দৃশ্যে আপত্তি। এই ছবির খলনায়কের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। এই চরিত্রটি এক মুসলিম জঙ্গি সংগঠনের মাথা। ইসলাম ধর্মালম্বী দেশ ও সেখানকার মানুষজনের নেতিবাচক চরিত্রায়নের কারণেই মূলত এই বাধা। এ ছাড়াও ক্যাটরিনার তোয়ালে জড়ানো গায়ে অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের।
যদিও এ প্রসঙ্গে যশরাজ ফিল্মস্–এর তরফে কোনও ধরনের আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। ছবিতে সলমন খানের সঙ্গে জুটিতে ফিরেছেন ক্যাটরিনা কইফ। ছবিতে যে ভরপুর অ্যাকশন থাকছে, তার আভাস পাওয়া গিয়েছিল ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম দু’টি ছবি থেকেই। তবে ‘পাঠান’-এর সাফল্যের পর আরও কয়েক ধাপ এগিয়েছে ওয়াইআরএফ। সলমন তো রয়েছেনই, তার সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করবেন ক্যাটরিনাও। সেখানেই তোয়ালে জড়িয়ে মারপিট করতে দেখা যাবে অভিনেত্রীকে। তবে শেষপর্যন্ত নিষিদ্ধের খাঁড়া কাটিয়ে কতটা সাফল্য অর্জন করে এই ছবি সেটাই এখন দেখার।
FREE ACCESS






