সোনিয়া গান্ধির ‘বিলংগিং’— ঠিক কতটা ভালবাসার এই যাত্রাপথ?
গোটা দেশে প্রায় দশ হাজার আউটলেট করা হয়েছে এই বই সরবরাহ করার জন্য
বিমল শঙ্কর নন্দ (লেখক— রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক): সোনিয়া গান্ধির আত্মজীবনী ‘বিলংগিং- আ জার্নি অব লাভ’ বইটি নাকি হট কেকের মতো বিকোচ্ছে। ইতিমধ্যেই দু’লক্ষ বই বিক্রি হয়ে গিয়েছে। গোটা দেশে প্রায় দশ হাজার আউটলেট করা হয়েছে এই বই সরবরাহ করার জন্য। তারা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। দিন চারেক আগে দিল্লির এক অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশক সংস্থা এই সব তথ্যই জানিয়েছে। বই কারা কিনছে, কেন কিনছে সে নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না। সোনিয়া গান্ধি যে দলের সর্বোচ্চ নেত্রী সেই কংগ্রেস দলের কর্মী-সমর্থকরা সোনিয়া গান্ধির বই কেনা বিষয়টাকে কংগ্রেস দলের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার একটি উপায় হিসেবে ধরে নিয়েছেন কিনা সে বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সাংবাদিক, রাজনীতির চর্চাকারী আর এই বইতে যাদের তীক্ষ্ণ সমালোচনায় বিদ্ধ করেছেন সোনিয়া গান্ধি তাদেরও এই বই পড়তে হয়েছে। এই প্রবন্ধলেখকেরও সুযোগ হয়েছে বইটা পড়ার। স্বীকার করতে বাধা নেই যে বইটা কিনে পড়িনি। কিন্তু কোনও বই সম্পর্কে বা সেই বইতে দেওয়া তথ্য সম্পর্কে আলোচনা বিশ্লেষণ করতে গেলে বইটা পড়েই তা করতে হবে। আর খুব কম ভারতীয় রাজনীতিবিদই আত্মজীবনী লেখেন। তাই যখনই কোনও বিশিষ্ট রাজনীতিবিদ আত্মজীবনী লেখেন মানুষের পড়ার আগ্রহ থাকে। রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরকার যে অংশটা মানুষের চোখে পড়ে না সেটা জানার ব্যাপারে মানুষের আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক বিষয়।
বইটা যদি কেমব্রিজে ভারত থেকে পড়তে যাওয়া এক ‘লম্বা’, ‘সুন্দর চেহারার’, ‘গভীর কালো চোখ বিশিষ্ট’ রাজীব গান্ধির সঙ্গে ইটালি থেকে কেমব্রিজের জ্যারেট স্কুল অব ইংলিশে পড়তে আসা সোনিয়া গান্ধির প্রেম কাহিনিতে সীমাবদ্ধ থাকতো, তাতে মানুষের আগ্রহ থাকলেও কতটা থাকতো বলা কঠিন। এমনকী চারদিন আগে দিল্লির ওই অভিজাত হোটেলে সোনিয়া পুত্র রাহুল বাবা-মায়ের গভীর প্রেম, খাবার টেবিলে বাবার কোলে বসে থাকা মায়ের যে কাহিনি শুনিয়েছেন তা ভারতীয়দের অনভ্যস্ত কর্ণকুহরে কিঞ্চিৎ ঝাঁকুনি দিলেও মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি চর্চা করার আগ্রহ সবার থাকে না। রাহুল গান্ধি বাবা-মায়ের গভীর ভালবাসার গল্প সবার সামনে রসিয়ে রসিয়ে না বললে সে সব নিয়ে কেউ কথাও বলতো না। কিন্তু এই বইতে সোনিয়া যাদের সমালোচনা করেছেন তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে উত্তর দেওয়ার। সোনিয়া যেহেতু অনেক ব্যক্তি ও সংগঠনকে দোষারোপ করেছেন, সেই ব্যক্তি বা সংগঠনের সমর্থকরাও বইটিকে খুঁটিয়ে পড়া শুরু করেছে, আর তাতেই ঝাঁপি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে। ইতিমধ্যেই একটি সংবাদমাধ্যম পাতার নম্বর দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে সোনিয়া গান্ধির বইতে অন্তত ৫৫টি তথ্যগত ভুল আছে। কংগ্রেস দলের রিসার্চ উইং কিংবা ইন্টেলেকচুয়াল সেল তথ্যগুলো কেন যাচাই করে নিল না সে প্রশ্ন যে কেউ করতে পারে। একটি দলে জ্ঞানচর্চার কী করুণ দশা হয়েছে তা এ সব ঘটনা দিয়েই বোঝা যায়। একটি বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা একটা ভুলে ভরা বই ছাপিয়ে দিল তাতে তাদেরই বা কতটা সুনাম বাড়ল?
তথ্যগত ভুল তবু ক্ষমা করা যায়। কিন্তু বইতে যদি নিজেকে নিরাপদ দূরত্বে রেখে সব কিছুর দায় অপরের ওপর চাপানো হয়, আর ইচ্ছাকৃতভাবে অনেক ঘটনা চেপে যাওয়া হয় বা ঘটনার ভুল এবং বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয় তাহলে বিতর্ক হবেই। যেমন জরুরি অবস্থায় যে ধরনের কাণ্ডকারখানা হয়েছিল তার জন্য কেবল সঞ্জয় গান্ধির ওপর দোষ চাপানো হয়েছে। কোনও সাংবিধানিক পদ না থাকলেও সঞ্জয় গান্ধি জরুরি অবস্থার সময় অধিকাংশ সিদ্ধান্ত নিতেন। একজন পাইলট হিসেবে রাজীব গান্ধি বিমানযাত্রী বা অন্য কারও কাছ থেকে সরকারের বিরুদ্ধে যা শুনতেন তা নাকি তাঁর মা ইন্দিরা গান্ধিকে জানাতেন। সোনিয়া তাঁর লেখায় আরও বলেছেন রাজীব একাধিক বার তাঁর ভাই সঞ্জয়কে এসব নিয়ে সাবধান করে দিয়েছিলেন। যদিও সব সময় ভয় ছিল সঞ্জয় পাল্টা চার কথা শুনিয়ে দিতে পারেন। সঞ্জয়ের স্ত্রী মানেকা গান্ধি ওই বয়সেই প্রচণ্ড রাজনৈতিক উচ্চাভিলাষী হয়ে উঠেছিলেন। মানেকার উচ্চাকাঙ্ক্ষা দেখে ইন্দিরা নাকি একবার তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারি পিএন ধরকে বলে ফেলেছিলেন, ‘উসকে আভি সে পার নিকালনে লাগে হ্যায়’ (ওর এত তাড়াতাড়ি পাখা গজিয়ে গেছে)। কিন্তু যে কোনও সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ এ ব্যাপারে কিছু প্রশ্ন করবেই। সোনিয়ার বয়ান অনুযায়ী সঞ্জয় গান্ধির নাম জরুরি অবস্থার সমার্থক হয়ে উঠেছিল। তা হলে তথাকথিত আয়রন লেডি ইন্দিরা গান্ধি সেটা হতে দিয়েছিলেন কেন? সন্তানের প্রতি এই অন্ধ স্নেহ একজন রাষ্ট্রপরিচালক হিসেবে ইন্দিরা গান্ধির নেতৃত্বের দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। স্পষ্ট হয়ে যায় তাঁর পরিবারবাদী মানসিকতা। সঞ্জয় গান্ধির আকস্মিক মৃত্যুর পর রাজীবকে ক্ষমতার বৃত্তে নিয়ে আসা তো সেই পরিবারবাদী মানসিকতারই প্রতিফলন।
অমিতাভ বচ্চনের ভক্তরা ক্ষেপে গেছেন, কারণ গোটা বইতে মাত্র একবার অমিতাভ বচ্চনের নাম উল্লেখ আছে। সোনিয়া গান্ধি যখন প্রথম বারের জন্য ভারতে আসেন তখন বিমানবন্দরে রাজীবের সঙ্গে গিয়েছিলেন ‘অমিত’। ব্যস, গোটা বইতে আর কোথাও তাঁর নামের উল্লেখই নেই। যেমন নেই অক্টাভিও কাত্রোচ্চির কথা। ১৯৮৭ সালের ১৬ এপ্রিল সুইডিশ রেডিইয়ো একটি খবর ফাঁস করে যে সুইডেনের বফোর্স কোম্পানি ভারতকে যে কামান বিক্রি করেছিল তাতে চুক্তির শর্ত ভেঙে ঘুস দেওয়া হয়েছে। এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ইটালীয় ব্যবসায়ী এবং পেট্রোকেমিক্যাল সংস্থা স্ন্যামপ্রোজেত্তির প্রতিনিধি অক্টাভিও কাত্রোচ্চি ঘুসের খবর প্রকাশিত হওয়ার পরই অতি দ্রুত ভারত ছেড়ে পালিয়ে যান। আর এই কাত্রোচ্চির সঙ্গে রাজীব-সোনিয়ার ঘনিষ্ঠতা, তাঁদের বাসভবনে কাত্রোচ্চির অবাধ যাতায়াত দিল্লির রাজনৈতিক মহলে সর্বজনবিদিত ছিল। কে সাহায্য করেছিল বফোর্স চুক্তির ঘুস খাওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই কাত্রোচ্চিকে ভারত ছেড়ে পালিয়ে যেতে? আর কখনও কাত্রোচ্চিকে ভারতে আনা সম্ভব হয়নি। কাত্রোচ্চির ভাগের ঘুস অন্য কেউ পেয়েছিল কিনা সেটাও জানা সম্ভব হয়নি। ঠিক যেমন ডিসেম্বরের ২ এবং ৩ তারিখে ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় প্রায় আট থেকে দশ হাজার মানুষের মৃত্যু ঘটার পর ৭ ডিসেম্বর ইউনিয়ন কার্বাইডের শীর্ষ কর্তা ওয়ারেন আন্ডারসন ভারতে আসলে তাঁকে কয়েক ঘণ্টার লোক দেখানো গ্রেফতারির পর জামিন এবং ত্বরিতগতিতে ভারত ছেড়ে কেন চলে যেতে দেওয়া হয়েছিল তার কোনও সদুত্তর তো দূরের কথা, ঘটনার উল্লেখও নেই সোনিয়া গান্ধির বইতে। তখন কেন্দ্রে এবং মধ্যপ্রদেশ রাজ্যে উভয় জায়গাতেই কংগ্রেস সরকার।
তবে বার বার উল্লেখ আছে বিজেপি ও আরএসএস-এর কথা। অধিকাংশ অধ্যায়েই রয়েছে বিজেপি ও আরএসএস-এর তীব্র সমালোচনা। নেহরু-গান্ধি পরিবার জনসঙ্ঘ, আরএসএস, ভারতীয় জনতা পার্টি প্রভৃতি সংগঠনকে পছন্দ করে না এটা সকলেই জানে। সেই পরিবারের একজন হিসেবে সোনিয়া গান্ধি সেই ভাবনার বাইরে থাকবেন সেটা আশা করা বাতুলতা। কিন্তু ১৯৮৪ সালের শিখ হত্যার পর দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে ভয়ঙ্কর শিখ হত্যা হয়েছিল সে ব্যাপারে একটু ঘুরিয়ে বললেও যেভাবে তিনি আরএসএস-কেও দায়ী করেছেন তা শুনলে ঘোড়াতেও হাসবে। তাঁর বইতে সোনিয়া ১৯৮৪ সালের দিল্লি শিখ হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাননি। কেবল এই ঘটনায় তিনি মানসিক আঘাত পেয়েছিলেন বলেই দায় সেরেছেন। অবশ্য এই বেছে বেছে আঘাত পাওয়ার ব্যাপারটা সোনিয়ার বইতে আরও অনেক জায়গাতেই দেখা যায়। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বিতর্কিত কাঠামো ভেঙে যেতে দেখে সোনিয়া নাকি হাপুস নয়নে কেঁদেছিলেন। কিন্তু ২৭ ফেব্রুয়ারি, ২০০২-তে গুজরাটের গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের এস সিক্স কামরায় আগুন লাগিয়ে দেওয়ার ফলে যে ৫৯ জন নিরীহ হিন্দু করসেবকের মৃত্যু হয়েছিল তাতে তাঁর এক ফোঁটাও চোখের জল পড়েনি। এমনকি এই আগুন লাগার ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর যে চক্রান্ত কংগ্রেস, বাম এবং কিছু আঞ্চলিক দল করে থাকে তিনি ঘুরিয়ে সেই মিথ্যে ন্যারেটিভকেই সমর্থন করেছেন। তাঁর মতে রেলের কামরায় আগুন লাগার কারণ নিয়ে বিতর্ক আছে। এর চেয়ে ডাহা মিথ্যে আর কিছু হয় না। এই আগুন যে পরিকল্পনা মাফিক লাগানো হয়েছিল আদালত সেই মত মেনে নিয়েছে। এ নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলেছিল। সব শেষে ২০১৭ সালে গুজরাট হাইকোর্ট ৩১ জন্য দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এদের মধ্যে গোধরা মিউনিসিপ্যালিটির কংগ্রেস কাউন্সিলর হাজি বিলালও ছিল। সাজা খাটার সময় হাজি বিলাল মারা যায়। তার পরেও সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগ নিয়ে প্রশ্ন তুললে প্রশ্নকর্তা বা প্রশ্নকর্ত্রীর উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠবে। তাঁর আত্মজীবনীতে সোনিয়া জানিয়েছেন যে পিভি নরসিমা রাও-এর সঙ্গে তাঁর খারাপ সম্পর্ক নিয়ে রটিয়েছিলেন এক শ্রেণির রাজনীতিবিদ এবং মিডিয়ার একটি অংশ। ব্যাপারটা নাকি ওরকম কিছু নয়। একবারই তিনি শুধু বিরক্তি প্রকাশ করেছিলেন যখন রাজীব গান্ধির হত্যাকাণ্ডের তদন্তের তেমন একটা অগ্রগতি হচ্ছিল না। ব্যাপারটা কী তাই? এক সময় গান্ধি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ কুঁয়ার নটবর সিং তাঁর ‘ওয়ান লাইফ ইজ নট এনাফ’ শীর্ষক আত্মজীবনীমূলক গ্রন্থে স্পষ্টই লিখেছেন কীভাবে নরসিমা রাও তাঁর কাছে দুঃখ করে বলেছিলেন যে সোনিয়া গান্ধির মনোভাব আর কাজকর্ম দেখে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর পিভি নরসীমা রাও পরলোকগমন করার পর তাঁর মরদেহ ২৪ আকবর রোডের কংগ্রেস অফিসে ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে সোনিয়া গান্ধি একটা কথাও বলেননি তাঁর আত্মজীবনীতে।
অনেক বাঙালির অনেক দিনের প্রশ্ন, প্রণব মুখোপাধ্যায় কেন ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি? সোনিয়া গান্ধির আত্মজীবনী পড়লে কিছুটা আঁচ পাওয়া যাবে। সোনিয়া এ ব্যাপারে তেমন কিছু বলেননি। কিন্তু এটা বলতে ছাড়েননি যে প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হলেও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করতেন। ২০১০ সালে একবার সোনিয়ার কাছে প্রণব বলে ফেলেছিলেন যে সরকারের মাথা বদলে দেওয়া দরকার। এটা শুনে সোনিয়া স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এবং কথা ঘুরিয়ে দিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল প্রণব আবার প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেই সময় আর এক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের তীব্র মতান্তর চলছিল। প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে আরও একটি মারাত্মক ভুল তথ্য বইতে আছে, কিংবা ইচ্ছে করে অসত্য কথা লেখা হয়েছে। প্রণব মুখোপাধ্যায় মোটেই ১৯৮৪ সালে কংগ্রেস ছাড়েননি যেমনটা বইতে বলা আছে। ১৯৮৬ সালের ২৮ এপ্রিল তৎকালীন কংগ্রেস সভাপতি রাজীব গান্ধি প্রণব মুখোপাধ্যায়কে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন। অভিযোগ ছিল পার্টি বিরোধী কার্যকলাপের। বাস্তবে একবার নয়, প্রণব মুখোপাধ্যায়কে তিনবার বঞ্চিত করা হয়েছিল প্রধানমন্ত্রী হওয়া থেকে। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধির হত্যাকাণ্ডের দিনে রাজীব গান্ধি পশ্চিমবঙ্গ সফর করছিলেন। প্রণব তখন তাঁর সঙ্গেই ছিলেন। এই ভয়ঙ্কর ঘটনা শোনার পর বিশেষ বিমানে তাঁরা যখন দিল্লি ফিরছিলেন তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে কিনা সে নিয়ে কেউ কেউ প্রণবের মত চাইলে তিনি জওহরলাল নেহরু এবং লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর গুলজারিলাল নন্দের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদাহরণ দিয়েছিলেন। তবে সেগুলো ছিল স্বাভাবিক মৃত্যুর ঘটনা। ইন্দিরা গান্ধির হত্যাকাণ্ড যে বিশেষ পরিস্থিতি তৈরি করেছে সেটাও তিনি জানিয়ে দিয়েছিলেন। দিল্লি পৌঁছনোর পর তাঁরা যখন দিল্লি এইমস-এ পৌঁছন তখন সেখানে উপস্থিত ক্যাবিনেট সেক্রেটারি কৃষ্ণস্বামী রাও সাহেব প্রণব মুখোপাধ্যায়কে বলেছিলেন যে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে যার প্রধানমন্ত্রী হিসেবে প্রণবকে দায়িত্ব নিতে হতে পারে। উত্তরে প্রণব বলেছিলেন রাজীবই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এ সবই প্রণব তাঁর আত্মজীবনীতে বলে গেছেন। যাই হোক রাজীব প্রধানমন্ত্রী হয়ে প্রণবকে শুধু মন্ত্রিসভাতে রাখেননি তাই নয়, দল থেকেও তাড়িয়ে দিয়েছিলেন। পরে অবশ্য তাঁকে কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হয়। ১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরুমপুদুরে রাজীব গান্ধির হত্যাকাণ্ডের পর যে নির্বাচন হয়েছিল তাতে কংগ্রেস সবচেয়ে বড় দল হয়ে সরকার গঠন করেছিল। তখনও সোনিয়ার মনে পড়েনি প্রণব মুখোপাধ্যায়ের কথা। ২০০৪ সালেও তাঁর মাথায় এসেছিল মনমোহন সিং-এর নাম, প্রণবের নয়।
সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি কেন? এর পেছনেও আছে এক অদ্ভুত সংস্কৃতি যা ইন্দিরা গান্ধির আমল থেকে কংগ্রেস লালন পালন করে চলেছে। কংগ্রেসের ক্ষমতা কেন্দ্রে সাধারণত থাকে গান্ধি পরিবারের কেউ, আর তাদের চারদিকে কতিপয় উচ্চাভিলাষী ব্যক্তি। এরা কাউকে বিশ্বাস করে না। তাই গান্ধি পরিবারের কেউ নেতা হিসেবে এদের প্রথম পছন্দ। গান্ধি পরিবারও ক্ষমতার বৃত্তে থাকলেই খুশি। যখনই গান্ধি পরিবারের হাত থেকে ক্ষমতা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তখনই সমস্যা দেখা দেবে। ২০০৪ সালে সোনিয়া প্রধানমন্ত্রী হতে পারেননি ঠিকই, কিন্তু ইউপিএ জোটের চেয়ারপার্সন হিসেবে তাঁর ক্ষমতা প্রধানমন্ত্রীর চেয়ে কম ছিল না। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর পিভি নরসীমা রাও তৎকালীন পরিস্থিতির প্রয়োজনে প্রধানমন্ত্রী হিসেবে যে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন তা গান্ধি পরিবারের না-পসন্দ ছিল। এ কারণেই নরসিমা রাও গান্ধি পরিবারের আস্থা খুইয়েছিলেন। তাদের ভয় ছিল নরসিমা রাওকে ঘিরে ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি হচ্ছে। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধির আকস্মিক মৃত্যুর ঘটনা রাজীব গান্ধি এবং পরিবারের বাকিদের মধ্যে এক নিরাপত্তাহীনতা তৈরি করে দিয়েছিল। তার আগে সঞ্জয় গান্ধির মৃত্যুর পর ইন্দিরা গান্ধি রাজীবকে কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর উত্তরসরিকে। ইন্দিরা গান্ধির মৃত্যুর পর সেই অনিশ্চয়তার পরিস্থিতিতে প্রণব মুখোপাধ্যায়ের একটা সাধারণ সাংবিধানিক পরামর্শকে রাজীব গান্ধি তাঁর নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে ধরে নিয়েছিলেন। তাই ক্ষমতার দালালদের কংগ্রেস থেকে তাড়ানোর জিগির তুলে প্রণব মুখোপাধ্যায়কেই তাড়িয়ে দিয়েছিলেন দল থেকে। সোনিয়াও প্রণবকে বিশ্বাস করতে পারতেন না। তাই গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী করলেও প্রধানমন্ত্রী করেননি। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পরিবারতন্ত্র চালু করার প্রথা চালু করেছিল কংগ্রেস। এখনও সেই ঐতিহ্য পুরোমাত্রায় আছে। ক্ষমতার এই দুষ্ট চক্র থেকে কংগ্রেসের পক্ষে মুক্তি পাওয়া অসম্ভব।






