অতীতের সব রেকর্ড তছনছ! এক সপ্তাহেই নজির সোনিয়া গান্ধীর স্মৃতিকথার, কত বই বিক্রি হল?
হ্যারি পটারের পর ভারতে এমন উন্মাদনা আর দেখা যায়নি! প্রকাশের ১০ মিনিটেই ১৫ হাজার কপি ডেলিভারি সোনিয়া গান্ধীর বইয়ের
Truth of Bengal: সদ্য প্রকাশিত হয়েছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বহুপ্রতীক্ষিত স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)। বইটি ঘিরে সাধারণ মানুষ ও পাঠকদের মধ্যে যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে, তা সমাজমাধ্যমে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এই উন্মাদনা যে নিছকই সোশাল মিডিয়ায় সীমাবদ্ধ নয়, বরং বাস্তবেও বইয়ের বাজারে রীতিমতো ঝড় তুলেছে, তার প্রমাণ মিলল প্রকাশনা সংস্থার দেওয়া অভাবনীয় পরিসংখ্যানে।
সোমবার দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে সরকারিভাবে বইটি প্রকাশিত হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন বইটির প্রকাশক সংস্থা হার্পার কলিন্সের সিইও অনন্ত পদ্মনাভন। তিনি জানান, সোনিয়া গান্ধীর এই বইটি বিক্রির নিরিখে অতীতের সমস্ত রেকর্ড কার্যত তছনছ করে দিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বইটির ২ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়ে গিয়েছে। প্রকাশনা সংস্থার সূত্রের দাবি, বিশ্বখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজের পর ভারতে আর কোনও বই ঘিরে পাঠকদের মধ্যে এমন নজিরবিহীন উন্মাদনা চোখে পড়েনি।
বিক্রির ক্ষেত্রে একের পর এক মাইলফলক স্পর্শ করেছে ‘বিলঙ্গিং’। হার্পার কলিন্সের সিইও অনন্ত পদ্মনাভন বলেন, “এক সপ্তাহেরও কম সময়ে দু’লক্ষ কপি বিক্রি হয়ে বইটি ইতিমধ্যেই অজস্র রেকর্ড ভেঙে দিয়েছে। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে বিক্রিত বইয়ের তকমা পেয়েছে। পাশাপাশি, কোনও লেখকের প্রথম বই হিসেবে এবং নন-ফিকশন বিভাগেও এটি দ্রুততম বিক্রির নজির গড়েছে। এমনকি ভারতে প্রকাশিত সমস্ত আত্মজীবনীর মধ্যেও এই বইটিই সবচেয়ে দ্রুতগতিতে বিক্রি হয়েছে।” এখানেই শেষ নয়, বইটি প্রকাশিত হওয়ার পর মাত্র ১০ মিনিটের মধ্যে ১৫ হাজার কপির অর্ডার ডেলিভারি করা হয়েছে, যা প্রকাশনা শিল্পে এক বিরল রেকর্ড।
উল্লেখ্য, সাধারণত কোনও বইয়ের ধরন, লেখকের পরিচিতি এবং বিষয়বস্তুর ওপর নির্ভর করে সেটিকে ‘বেস্ট সেলার’ তকমা দেওয়া হয়। তবে প্রকাশনা জগতের সাধারণ নিয়ম অনুযায়ী, মোটের ওপর ১০ হাজার কপি বিক্রি হলেই কোনও বইকে বেস্ট সেলার হিসেবে গণ্য করা হয়। সেখানে মাত্র কয়েক দিনের মধ্যেই দু’লক্ষের গণ্ডি পেরিয়ে সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথা ইতিমধ্যেই ‘অল টাইম বেস্ট সেলার’-এর তকমা ছিনিয়ে নিয়েছে।






