রাজ্যের খবর

৪,০০০ কোটি টাকায় গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ! দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৭টি প্রকল্পে সবুজ সংকেত

মার্চের মধ্যেই নন্দীগ্রামের দেশপ্রাণ-দিল্লি নতুন রুটে ছুটবে ট্রেন! বাংলার বকেয়া রেলপ্রকল্প দ্রুত শেষ করতে বিশেষ আধিকারিক নিয়োগ কেন্দ্রের!

Truth of Bengal: আর মাত্র কয়েক মাস পরেই গঙ্গাসাগর মেলা। তার আগেই রাজ্যের এই পুণ্যভূমিতে যাতায়াতকারী লক্ষ লক্ষ পুণ্যার্থীর জন্য বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই গঙ্গাসাগর পর্যন্ত রেল চলাচল শুরু হতে চলেছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে রেল ভবনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী, যেখানে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালও উপস্থিত ছিলেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মোট ১৭টি রেলপ্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী এবং আসন্ন কেন্দ্রীয় বাজেটে বাংলার বকেয়া প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দের অনুরোধও জানানো হয়েছে।

এই বৈঠকের সবচেয়ে বড় সাফল্য হল গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রমকে সরাসরি রেল মানচিত্রে যুক্ত করার অনুমোদন। মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পের মানচিত্র পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার আগে ডিপিআর (DPR) এবং সমীক্ষার কাজ দ্রুত শুরু হবে। আগামী কয়েক বছরের মধ্যেই এই রেলপথ চালু হলে গঙ্গাসাগর যাতায়াত অত্যন্ত মসৃণ হয়ে উঠবে।

পাশাপাশি, নন্দীগ্রামের দেশপ্রাণ-দিল্লি নতুন রেলরুটের কাজও দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করেছে এবং আগামী মার্চ মাসের মধ্যেই যাতে এই রুটে ট্রেন চলাচল শুরু করা যায়, সে বিষয়ে রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “বাংলার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই ইতিবাচক।”

অন্যদিকে, দীর্ঘদিন জমি জটে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট রাজ্যে ক্ষমতার পালাবদলের দু’সপ্তাহের মধ্যেই কাটিয়ে নতুন জমি বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলেই খুব দ্রুত চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, রাজ্যে শিল্প ও বাণিজ্য বৃদ্ধির কথা মাথায় রেখে ট্রেনের রেক বাড়ানো এবং উত্তরবঙ্গ থেকে পণ্য পরিষেবা আরও মসৃণ করার দাবিও জানানো হয়েছে। বাংলার বকেয়া ও চলতি রেলপ্রকল্পগুলির কাজ তদারকি করে দ্রুত শেষ করার জন্য কেন্দ্রীয় সরকার একজন নির্দিষ্ট আধিকারিকও নিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে।

Related Articles