সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! বিতর্কের মাঝে দিলীপ ঘোষের চরম কটাক্ষ
তিনি জানিয়েছেন, এটি কোনও শিল্পীর ভুলও হতে পারে
Truth of Bengal: পুজোর আগে রাজ্য সরকারের একাধিক বিজ্ঞাপন ও পোস্টারে দুর্গাপ্রতিমার ১১টি হাত দেখা যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, “যেভাবে সরকার কাজ করছে, ১০ হাতে হচ্ছে না। ১১ হাতের দরকার আছে। সেই জন্যই হয়তো হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।” তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, এটি কোনও শিল্পীর ভুলও হতে পারে। তাই এ ধরনের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের উৎসবের পরিবেশ নিয়েও নিজের মতামত জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, আগে দুর্গাপুজো ঘিরে মানুষের মধ্যে আবেগের অভাব ছিল। এবার বাংলায় প্রকৃত অর্থে দুর্গাপুজোর আবহ তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, আগে মানুষের মন জয়ের জন্য আর্থিক অনুদান দেওয়া হত। এবার মহালয়া থেকেই পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। শারদোৎসবকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ।
পুজোর অনুদান প্রসঙ্গে দিলীপ জানান, আগে যেখানে প্রায় ৪৫ হাজার পুজো অনুদান পেত, এবার সেই সংখ্যা বেড়ে প্রায় ৫৮ হাজার হয়েছে। অর্থাৎ, অতিরিক্ত ১২ থেকে ১৩ হাজার পুজো কমিটি অনুদানের আওতায় এসেছে বলে দাবি করেন তিনি। এবার দুর্গাপুজো উপলক্ষে কলকাতা শহরজুড়ে সাজসজ্জার আয়োজন নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, বাংলার উৎসবকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে কলকাতাকে সাজিয়ে তোলা হয়েছে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও পুজো ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে বলে দাবি তাঁর। আগে থেকেই পুজোর উদ্বোধন করে মণ্ডপ ঘুরে দেখার প্রবণতাও এবার বেড়েছে বলে জানান তিনি। তাঁর মতে, সব মিলিয়ে বাংলায় এবার দুর্গাপুজো ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে।
অন্যদিকে, রাস্তার উপর রঙের প্রলেপ দেওয়া নিয়ে সাম্প্রতিক বিতর্কেও প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ ঘোষ। বিভিন্ন জায়গায় রাস্তা সাজাতে আলপনা ও রঙের ব্যবহার করা হয়েছে। সেই রঙের কারণে বৃষ্টির সময় মোটরসাইকেল পিছলে দুর্ঘটনা ঘটছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, বৃষ্টি ছাড়াও অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।






