বিশেষ অধিবেশনের আগে রাজনৈতিক উত্তাপ, তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন মমতা
তাঁর অভিযোগ, দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে।
Truth of Bengal: সংসদের বিশেষ অধিবেশনের আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে তড়িঘড়ি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই খবর জানান তিনি। তাঁর অভিযোগ, দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজধানীতে যাচ্ছেন তিনি।
মমতা জানান, দলের একাধিক প্রবীণ নেতা তাঁকে বারবার ফোন করেছেন। এমনকী তাঁর যাতায়াতের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছিল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজের মতো করেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।
উল্লেখ্য, আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা। এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরে সাংসদদের অবস্থান ঘিরেও তৈরি হয়েছে জটিলতা। দলত্যাগী ২০ জন এবং মমতার সঙ্গে থাকা আট সাংসদ—সব মিলিয়ে ২৮ জনকেই নিজেদের সাংসদ হিসেবে বিবেচনা করছে কালীঘাট শিবির।
এরই মধ্যে শনিবার তিন লাইনের হুইপ জারি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে সমস্ত সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মমতার দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজধানীতে গিয়ে তিনি কী পদক্ষেপ করেন, এখন সেদিকেই নজর।






