রাজ্যের খবর

বিধায়কের ‘বোন’ পরিচয়ে প্রাক্তন স্বামীকে হুমকি তরুণীর! ভাইরাল অডিও ঘিরে শোরগোল হাবরায়

“বিধায়ক নিজে আমাকে বিবাহবিচ্ছেদের পরামর্শ দিয়েছেন!” ফোনে ভয় দেখাতে গিয়ে বড় বিপাকে হাবরার তরুণী, থানায় গিয়ে মুচলেকা!

Truth of Bengal: নিজের নাম ভাঙিয়ে কোনো রকম তোলাবাজি বা দাদাগিরি বরদাস্ত করা হবে না, মাত্র কয়েক দিন আগেই রাস্তায় নেমে মাইক হাতে দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন হাবরার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। কিন্তু সেই প্রচারের রেশ কাটতে না কাটতেই এবার খোদ বিধায়কের নাম ব্যবহার করে প্রাক্তন স্বামীকে হুমকি ফোন করার গুরুতর অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার হাবরা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবরা এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে তাঁর প্রাক্তন স্বামীর বিবাহবিচ্ছেদ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। দিন কয়েক আগে তরুণী তাঁর প্রাক্তন স্বামীকে মোবাইল ফোনে কল করে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং বিধায়ক দেবদাস মণ্ডলের নাম নিয়ে রীতিমতো হুমকি দেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই ফোনালাপে তরুণী নিজেকে বিধায়কের ‘বোন’ হিসেবেও পরিচয় দেন।

পরবর্তীতে সেই কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ওই ভাইরাল অডিওতে (যার সত্যতা যাচাই করা হয়নি) তরুণীকে বলতে শোনা যায়, বিধায়ক দেবদাস মণ্ডল তাঁকে নিজের বোনের মতো দেখেন এবং বিবাহবিচ্ছেদের মামলা করার পরামর্শও নাকি বিধায়ক নিজেই দিয়েছেন। অডিওটি প্রকাশ্যে আসতেই স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয় এবং বিষয়টি বিধায়কের কানেও পৌঁছয়।

অডিও শোনার পরই নড়েচড়ে বসেন বিধায়ক দেবদাস মণ্ডল এবং বিষয়টি নিয়ে হাবরা থানায় ওই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার হাবরা থানার পুলিশ ওই তরুণীকে থানায় তলব করে। পুলিশের জেরার মুখে বিধায়কের নাম করে হুমকি দেওয়ার কথা স্বীকার করে নেন অভিযুক্ত তরুণী। নিজের ভুল স্বীকার করে থানায় মুচলেকা দেওয়ার পর পুলিশ তাঁকে কড়া সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেয়।

এ প্রসঙ্গে বিধায়ক দেবদাস মণ্ডল স্পষ্ট জানান, “বিবাহবিচ্ছেদ ইস্যুতে ওই মহিলা আমার নাম করে তাঁর প্রাক্তন স্বামীকে হুমকি দিয়েছেন। বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে। আমি ওই মহিলাকে চিনি না, কোনও যোগাযোগও নেই। এমনকি তিনি আমার বিধানসভা এলাকার বাসিন্দা কি না, তাও জানি না। আমার নাম ভাঙিয়ে কাউকে হুমকি দেওয়া কোনওভাবেই বরদাস্ত করব না।”

Related Articles