মহিলাদের নামও নিষিদ্ধ! এবার ‘বিবি’ বা পশুর নামে ডাকার নির্দেশ তালিবানের
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে গত মে মাসে এই নির্দেশ জারি করা হয়।
Truth of Bengal: আফগানিস্তানে তালিবান শাসনে মহিলাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি হচ্ছে। শিক্ষা, চাকরি ও স্বাধীনভাবে চলাফেরার অধিকারের পর এবার মহিলাদের নিজস্ব নাম ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারির অভিযোগ উঠল। নতুন নির্দেশ অনুযায়ী, সরকারি নথি, হাসপাতালের রেকর্ড কিংবা চিকিৎসকের প্রেসক্রিপশনে মহিলাদের আসল নাম লেখা যাবে না।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে গত মে মাসে এই নির্দেশ জারি করা হয়। হাসপাতাল ও সরকারি দপ্তরের কর্মীদের মহিলাদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, অনেক ক্ষেত্রে অল্পবয়সি মহিলাদের ‘গরু’ বা ‘ছাগল’ বলেও ডাকা হচ্ছে।
আফগান অধিকারকর্মী লালাহ ওসমানির মতে, মহিলাদের নাম কেড়ে নিয়ে পশুর নামে ডাকা তাঁদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ারই শামিল। চিকিৎসকদের আশঙ্কা, সব মহিলা রোগীর নাম একইভাবে লেখা হলে চিকিৎসার নথিতে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাতে চিকিৎসায় ভুল হওয়ার ঝুঁকিও বাড়বে।
উল্লেখ্য, ২০২১ সালে তালিবান ফের ক্ষমতায় আসার পর থেকেই আফগান মহিলাদের উপর একের পর এক বিধিনিষেধ চাপানো হয়েছে। মেয়েদের শিক্ষা, চাকরি, স্বাধীন চলাফেরা এবং প্রকাশ্যে কথা বলার অধিকারও ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল নিজের নাম ব্যবহারের অধিকার। আপাতত বালখ প্রদেশে এই নির্দেশ কার্যকর হলেও ভবিষ্যতে তা গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকারকর্মীরা।






