শীতের আমেজ বজায় থাকলেও বাড়বে তাপমাত্রা, শনি-রবিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
ডিসেম্বরের শুরুতেও বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে
Truth of Bengal: ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিল বাংলা। কিন্তু তার মধ্যেই ফের আবহাওয়ার নতুন ভ্রুকুটি। আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের রূপ নিতে পারে। শুধু তাই নয়, ডিসেম্বরের শুরুতেও বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বাংলার জন্য স্বস্তির খবর, এই দুই আবহাওয়া পরিস্থিতির কোনওটিরই সরাসরি প্রভাব এ রাজ্যে পড়ার আশঙ্কা নেই। ফলে এখনই বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে আপাতত শীতের আমেজ বজায় থাকবে। উত্তুরে হাওয়ার প্রভাবে সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি থাকলেও আগামী দু’দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার ও সোমবার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা বাড়লেও শীতের অনুভূতি একেবারে উধাও হবে না। শনিবারও রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ বজায় থাকবে। সকালের দিকে কয়েকটি জেলায় হালকা কুয়াশার দেখা মিলতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। আগামী দু’দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় কুয়াশার দাপট তুলনামূলক বেশি থাকতে পারে।
কলকাতার আবহাওয়াতেও আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ থেকে ৯৭ শতাংশ। উত্তুরে হাওয়ার প্রভাবে শহরে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পারদ ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।






