‘মন্ত্রী হলেই সব বলার অধিকার ও জ্ঞান জন্মায় না!’ শংকর ঘোষের বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
নিশানায় কি দলেরই কোও সতীর্থ? পর্যটনমন্ত্রী শংকর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টকে সরাসরি সমর্থন দিলীপ ঘোষের!
Truth of Bengal: সামাজিক মাধ্যমে একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট করে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা উসকে দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বিশেষ গ্রাফিক্স কার্ড পোস্ট করেন তিনি, যেখানে বড় বড় হরফে লেখা রয়েছে, “মন্ত্রী হলেই সব কিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” কার্ডটির নিচের অংশে তাঁর নিজের ছবি এবং মন্ত্রিত্বের পদের উল্লেখও রয়েছে। এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনদের পাশাপাশি বঙ্গ বিজেপির অন্দরেও জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি মন্ত্রিসভারই কোনও সতীর্থের মন্তব্য বা কাজে ক্ষুব্ধ হয়ে এমন কড়া বার্তা দিলেন উত্তরবঙ্গের এই মন্ত্রী?
পর্যটনমন্ত্রীর এই পোস্ট ঘিরে তৈরি হওয়া জল্পনার আগুনে যেন আরও ঘি ঢাললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সতীর্থ শংকর ঘোষের বক্তব্যকেই পূর্ণ সমর্থন জানান দিলীপ। পঞ্চায়েতমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “সমাজে প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব থাকে, আর মন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি। কারণ সাধারণ মানুষ মন্ত্রীকে দেখে। সেখানে মন্ত্রীই যদি নিয়ম না মানেন, তাহলে প্রশ্ন উঠতে শুরু করবে।”
দিলীপ ঘোষ আরও বলেন, “শুধু মন্ত্রী নন, প্রত্যেকেরই নিজস্ব সীমার মধ্যে থাকা উচিত। এমন কোনও বক্তব্য রাখা উচিত নয় যা অন্যকে আহত করে কিংবা রীতিনীতি ও সংবিধানের পরম্পরার বাইরে যায়। মন্ত্রী নিজে আগে সংবিধান মেনে চলবেন, নইলে তো বাকিরা প্রশ্ন তুলবেই।”
অন্যদিকে, নিজের পোস্ট নিয়ে বিতর্ক ও জল্পনা তুঙ্গে উঠতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শংকর ঘোষ নিজেও। রবিবার তিনি স্পষ্ট করে দেন যে, মন্ত্রিসভার কোনও সতীর্থকে নিশানা করে তিনি এই পোস্ট করেননি। তাঁর কথায়, “যা লেখা হয়েছে, তা আমি নিজে বিশ্বাস করি এবং মেনে চলি। বিজেপি মন্ত্রিসভার কোনও সতীর্থের প্রতি এটি কোনো ইঙ্গিত নয়। একে আমার নিজস্ব আত্মবিশ্লেষণ বলাই যেতে পারে।” তবে শংকর ঘোষ একে ‘আত্মবিশ্লেষণ’ বলে ব্যাখ্যা দিলেও, রাজনৈতিক মহলে এই পোস্টের নেপথ্য কারণ নিয়ে গুঞ্জন কিন্তু থামছে না।





