দেশ

জোড়া বিল পেশের আগে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! সব সাংসদকে হুইপ জারি বিজেপির

ডিএমকে-র সমর্থনই মোদি-শাহদের তুরুপের তাস! তবুও আত্মতুষ্টিতে নারাজ গেরুয়া শিবির, বাংলার সাংসদদের নিয়ে বড় বৈঠক

Truth of Bengal: হাতে প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি সাংসদের সমর্থন মজুত রয়েছে, তবুও আত্মতুষ্টির কোনও জায়গা রাখতে নারাজ এনডিএ শিবির। সোমবার সংসদের বর্ধিত অধিবেশনে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পেশের ঠিক আগে রবিবার সন্ধ্যায় নিজের বাসভবনে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভার সদস্য ও সংসদীয় কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, আলোচনা অত্যন্ত ভাল এবং ফলপ্রসূ হয়েছে। পাশাপাশি, তিনদিনের এই বর্ধিত অধিবেশনে দলের সমস্ত সাংসদকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে বিজেপি।

রবিবার সন্ধ্যায় ৭, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আইনমন্ত্রী কিরেন রিজিজু-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রায় প্রত্যেক সদস্য। বৈঠকে যোগ দেন সংসদীয় কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ বিজেপি সাংসদও। জোড়া বিল পাশের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি এদিন চা-চক্রেও অংশ নেন সকলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রীর পোশাক, ঘন নীল ও সাদা কুর্তা-পাজামার ওপর তুঁতে রঙের মোদি-কোট এবং নীল পশমিনা চাদরে দেখা যায় তাঁকে, আর তাঁর সঙ্গে সামঞ্জস্য রেখে উপস্থিত নেতারাও নীল থিমের পোশাক পরেছিলেন। বৈঠক শেষে সকলের সঙ্গে গ্রুপ ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ করানো মোদি সরকারের দীর্ঘদিনের লক্ষ্য। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলাতে বিরোধী শিবিরের অন্যতম শক্তিশালী দল ডিএমকে-র সমর্থন আদায় করে নেওয়াকেই গেরুয়া শিবিরের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য বা তুরুপের তাস হিসেবে দেখা হচ্ছে। তা সত্ত্বেও সোমবারের ভোটাভুটির আগে কোনো রকম ফাঁকফোকর রাখতে চান না মোদি-শাহরা। রবিবার সন্ধ্যার এই বৈঠক ও নেতাদের স্বস্তির হাসিই বুঝিয়ে দিচ্ছে, বিল পাশ নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই সংসদে নামতে চলেছে শাসক জোট।

Related Articles