শীতের পথে ঘূর্ণাবর্তের কাঁটা, রবিবার থেকেই বাড়বে তাপমাত্রা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকেই তাপমাত্রা বাড়তে পারে।
Truth of Bengal: আলমারি থেকে শীতের পোশাক বের করার আগেই আবহাওয়ায় বদলের ইঙ্গিত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনায় দক্ষিণবঙ্গে ফের বাড়তে চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে ধীরে ধীরে কমবে শীতের আমেজ। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল পরিস্থিতি তৈরি হলে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘কানি’। তবে তার সম্ভাব্য গতিপথ এখনও নিশ্চিত নয়।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকেই তাপমাত্রা বাড়তে পারে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি বেশি। আগামী বুধবারের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে শীতের আমেজ আপাতত কিছুটা কমবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের পরিস্থিতি বদলানোর সম্ভাবনা কম। আগামী সাত দিন সেখানকার তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই। সব জেলাতেই হালকা কুয়াশা থাকতে পারে। বিশেষত পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট বেশি থাকবে। আবহাওয়াবিদদের অনুমান, ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের জাঁকিয়ে শীত পড়তে পারে।






