দেশ

লোকসভায় সরকারিভাবে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করল ডিএমকে! ২২ সাংসদের জন্য পৃথক আসন বরাদ্দ স্পিকারের

কংগ্রেসের ‘বিশ্বাসঘাতকতা’র চরম বদলা নিলেন স্ট্যালিন! ডিলিমিটেশন বিলে সমর্থনের পরই ওম বিড়লার বড় সিদ্ধান্ত, জোর ধাক্কা ইন্ডিয়া জোটে!

Truth of Bengal: কংগ্রেসের সঙ্গে দূরত্ব আরও বাড়ল এম কে স্ট্যালিনের দল ডিএমকে-র। এবার লোকসভায় সরকারিভাবে হাত শিবিরের সঙ্গ ত্যাগ করল ‘অভিমানী’ ডিএমকে। রাহুল গান্ধীদের সঙ্গে আর এক আসনে বসবে না তারা; দলের ২২ জন লোকসভা সাংসদের জন্য পৃথক আসন বরাদ্দের পথে হাঁটলেন স্পিকার ওম বিড়লা। তাৎপর্যপূর্ণভাবে, কেন্দ্রের বহুচর্চিত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন ঘোষণা করার পরপরই প্রায় ছয় মাস ধরে ঝুলে থাকা স্ট্যালিনের দলের এই দাবিতে সিলমোহর দিলেন লোকসভার স্পিকার।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্দরের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। ওই নির্বাচনে ডিএমকে-র হাত ছেড়ে বিজয়কে সমর্থন করেছিল কংগ্রেস। ডিএমকে-র অভিযোগ, নির্বাচনের আগে জোটের সুবিধা নিয়ে জিতলেও ভোটের পর কোনও আলোচনা ছাড়াই জোট ভেঙে বেরিয়ে গিয়ে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে কংগ্রেস। সেই ক্ষোভ থেকেই লোকসভার স্পিকারের কাছে পৃথক আসনের আর্জি জানিয়েছিল স্ট্যালিনের দল।

উল্লেখ্য, গত এপ্রিলে নরেন্দ্র মোদি সরকার যখন প্রথমবার ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল এনেছিল, তখন ইন্ডিয়া জোটের শরিক হিসেবে বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন কানিমোঝি করুণানিধিরা। কিন্তু তামিলনাড়ুতে ক্ষমতা হারানো এবং কংগ্রেসের সঙ্গে তিক্ততার জেরে জাতীয় রাজনীতির ছবিটা এখন অনেকটাই বদলে গিয়েছে। এবার সেই ‘প্রতারণা’র বদলা নিতেই কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে-র লোকসভার ২২ জন এবং রাজ্যসভার ৮ জন সাংসদ।

এদিকে, শেষ মুহূর্তে জোট ভাঙন রুখতে ও স্ট্যালিনকে বোঝাতে আসরে নামছেন খোদ সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে থাকছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। শনিবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। এরপর সেখান থেকে সোজা মুম্বই উড়ে যাবেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা, যেখানে রাত আটটা নাগাদ শরদ পাওয়ারের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে। তবে দুই শিবিরকে বোঝানোর এই শেষ মুহূর্তের মরিয়া চেষ্টা আদৌ সফল হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Related Articles