কলকাতা

ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে কোন পথে NCPI? মুখ খুললেন কাকলি?

এনসিপিআইয়ের সাংসদদের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে

Truth of Bengal: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। আর এই অধিবেশন ঘিরেই জাতীয় রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল ফের সংসদে পেশ করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু এই দুই গুরুত্বপূর্ণ বিল নিয়ে কোন পথে হাঁটবে এনসিপিআই (NCPI)? বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পাশে দাঁড়িয়ে বিলের পক্ষে ভোট দেবে, নাকি বিরোধী শিবিরের অবস্থানকেই সমর্থন করবে তারা? আপাতত সেই প্রশ্নের উত্তর খোলসা করতে নারাজ দলের নেতারা। তবে ২০ জন সাংসদকে নিয়ে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে ইঙ্গিত দিলেন দলের অন্যতম শীর্ষ নেত্রী কাকলি ঘোষ দস্তিদার।

এনসিপিআইয়ের সাংসদদের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে এনডিএ শিবিরে যোগ দেওয়া ২০ জন সাংসদ সংসদে কোন দিকে ভোট দেবেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এর মধ্যেই দলের স্বীকৃতি সংক্রান্ত প্রশ্নও সামনে এসেছে। এই প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট জানিয়েছেন, দলের স্বীকৃতি নিয়ে কী করা হবে, সেই সিদ্ধান্ত তাঁদের নিজেদেরই নিতে দেওয়া হোক। ২০ জন সাংসদ এক জায়গায় রয়েছেন। নিজেদের মধ্যে বৈঠক করে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের পরেই বিষয়টি জানানো হবে। কাকলির কথায়, দলের সাংসদরা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করবেন। তারপর বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা সংবাদমাধ্যমকে জানানো হবে। অর্থাৎ ডিলিমিটেশন কিংবা মহিলা সংরক্ষণ বিল নিয়ে এনসিপিআইয়ের অবস্থান জানতে আপাতত অপেক্ষা করতে হবে।

তবে শুধু দলের ভবিষ্যৎ অবস্থান নয়, তৃণমূলের সাংসদদের সাসপেনশন নিয়েও মন্তব্য করতে ছাড়েননি কাকলি। সংসদে তৃণমূলের চিফ হুইপের অনুপস্থিতির প্রসঙ্গ তুলে তিনি খোঁচা দিয়েছেন। তাঁর বক্তব্য, বর্ষাকালীন অধিবেশন থেকেই এআইটিসির চিফ হুইপ সাসপেন্ড হয়ে রয়েছেন। ফলে সেই বিষয়টিও সংবাদমাধ্যমের বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে দলের অবস্থান জানতে চাওয়া হলে কাকলি জানান, দেশের এবং রাজ্যের উন্নতির স্বার্থেই তাঁরা কাজ করবেন। যে সিদ্ধান্তে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং রাজ্যের কল্যাণ হবে, সেই পথেই হাঁটবেন তাঁরা। তবে কোন বিল সংসদে পেশ করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি বলেও দাবি তাঁর।

Related Articles