খেলাদেশ

বিজেপিতে যোগ দিচ্ছেন মহম্মদ শামি? নীতিন নবীনের সঙ্গে সাক্ষাতে জল্পনা তুঙ্গে

নয়াদিল্লিতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলিও।

Truth of Bengal: ক্রিকেটের বাইশ গজে তাঁর দাপট নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার কি রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় পেসার মহম্মদ শামি? বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

নয়াদিল্লিতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলিও। তবে কী বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শামির বিজেপিতে যোগদানের বিষয়েও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

গত ২১ নভেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহাল। এবার শামির সঙ্গে বিজেপি সভাপতির সাক্ষাৎ সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এর আগেও গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে শামির সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা হয়েছিল। উত্তরপ্রদেশের আমরোহা সদর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়। যদিও সেই সাক্ষাৎকে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের জন্য ধন্যবাদ জানানোর সৌজন্য সাক্ষাৎ বলে ব্যাখ্যা করেছিল আরএলডি।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেট এবং আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন শামি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৪৬২টি উইকেট। এবার ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও তাঁকে দেখা যাবে কি না, সেটাই বড় প্রশ্ন।

Related Articles