ভুটান ‘না-পসন্দ’, গন্তব্য শুধুই অসম! ডুয়ার্স রানি ভুটান গিয়েও ফিরে এল বক্সায়
ফের বক্সার জঙ্গলে ফেরা! ভুটান থেকে এসেই সঙ্কোশ বিটে অবস্থান, বাঘিনির ওপর ২৪ ঘণ্টা কড়া নজর বনদফতরের!
Truth of Bengal: বজ্র ড্রাগনের দেশ ভুটান পছন্দ হল না বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সাতে আনা সেই বাঘিনির। শুক্রবার গভীর রাতে ভুটান সীমান্তে প্রবেশ করলেও, শনিবার বিকেলের মধ্যেই সে আবার বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ফিরে এসেছে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII)-এর তরফে বাঘিনির রেডিও কলারের লোকেশন ম্যাপিংয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাঘিনি ভুটানে পৌঁছানো মাত্রই সে দেশের টাইগার মনিটরিং ব্যবস্থাকে সতর্ক করা হয়েছিল, এবং ফিবসু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বাঘিনির পাগ মার্ক বা পায়ের ছাপও মিলেছে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, ডুয়ার্স রানি বর্তমানে বক্সা রিজার্ভের সঙ্কোশ বিট এলাকায় অবস্থান করছে। ওই এলাকায় ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। বাঘিনি যাতে ফের সঙ্কোশ নদী পার হয়ে ভুটান বা অসমের দিকে না যেতে পারে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাইরেন বাজানো এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
কিন্তু ভুটান গিয়েও কেন ফিরে এল বাঘিনি? ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে, শীতের এই সময়ে ভুটানের উচ্চতর অংশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। অতিরিক্ত ঠান্ডা বাঘেদের জন্য অনুকূল নয়, তাই আবহাওয়া সহ্য করতে না পেরেই সে নিজে থেকে ফিরে এসেছে বলে অনুমান। জানা গিয়েছে, একই কারণে গত দু’বছর ধরে ভুটানের বাঘেরা বক্সা টাইগার রিজার্ভে নেমে এসেছে।
প্রসঙ্গত, এই বাঘিনিটি এর আগেও একবার বক্সা থেকে অসমে পাড়ি দিয়েছিল, যার ফলে ৩ নভেম্বর অসম থেকে তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে বক্সাতে ফিরিয়ে আনতে হয়। সেই সময় অভিযোগ ওঠে, এই ধকলের কারণে বাঘিনির গর্ভপাতও হয়েছে। এরপর ৮ নভেম্বর এনক্লোজার থেকে বেরিয়ে ফের সে অসমমুখী যাত্রা শুরু করে, যার মাঝপথেই শুক্রবার রাতে ভুটান সীমান্তে প্রবেশ করেছিল। তবে বিশেষজ্ঞদের ধারণা, ঠান্ডার কারণ ছাড়াও তার মূল গন্তব্য এখনও অসমের উষ্ণতর জঙ্গলই।





