দেশ

বিশেষ অধিবেশনের আগে নয়া মোড়! সুদীপ-কাকলিদের ভোটদান থেকে বিরত রাখতে স্পিকারকে চিঠি অভিষেকের

দশম তফসিলের অস্ত্র শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! পৃথক দলের স্বীকৃতি মেলেনি, তাই প্রস্তাবিত বিলে ভোট দিতে পারবেন না এনসিপিআই সাংসদরা?

Truth of Bengal: লোকসভার বিশেষ অধিবেশন শুরুর ঠিক আগে তৃণমূলের অভ্যন্তরীণ ও সংসদীয় সংঘাতে নতুন মোড়। এনসিপিআই (NCPI) সাংসদদের ওপর ভোটাধিকারের ‘নিষেধাজ্ঞা’ চাপানোর আর্জি জানিয়ে ফের লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন মমতা তৃণমূলের সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এখনও পৃথক রাজনৈতিক দলের স্বীকৃতি না পাওয়ায় সংবিধানের দশম তফসিলের ২(১) অনুচ্ছেদে উল্লিখিত আইনের কথা মনে করিয়ে অভিষেকের দাবি, সোমবার থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনে প্রস্তাবিত বিলগুলিতে ওই সাংসদদের যেন ভোট দিতে না দেওয়া হয়।

সোমবার থেকেই লোকসভায় বসছে বিশেষ অধিবেশন, যেখানে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে মরিয়া এনডিএ শিবির। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিলগুলির বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে শনিবার দলের সমস্ত ২৮ জন সাংসদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করে লোকসভায় উপস্থিত থাকার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তার আগেই এনসিপিআই শিবিরের সাংসদ শতাব্দী রায় মহিলা বিলে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা অভিষেকের হুইপ মানতে বাধ্য নন, কারণ তাঁরা আর তৃণমূলে নেই এবং আলাদা দল হিসেবে নিজেরাই হুইপ জারি করবেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই রবিবার সকালে সরাসরি স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে পাল্টা আইনি চাল চালেন অভিষেক। চিঠিতে তিনি যুক্তি দিয়েছেন, সংসদীয় নিয়ম অনুযায়ী স্পিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তাঁরা আলাদা দলের জনপ্রতিনিধি হিসেবে গণ্য হতে পারেন না। যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ওই ২০ জন সাংসদ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকেই নির্বাচিত হয়েছিলেন, তাই আইনত তাঁরা এখনও তৃণমূলেরই জনপ্রতিনিধি এবং দলের জারি করা হুইপ মেনে চলতে বাধ্য। অন্যথায় ওই ২০ জন ‘তৃণমূলত্যাগী’ সাংসদের স্বতন্ত্রভাবে ভোট দেওয়ার কোনও অধিকার থাকতে পারে না বলেই স্পিকারের কাছে দাবি জানিয়েছেন অভিষেক। এখন সোমবার অধিবেশনের শুরুতে স্পিকার ওম বিড়লা কী পদক্ষেপ করেন, সেদিকেই তাকিয়ে দিল্লির রাজনৈতিক মহল।

Related Articles