ফের উত্তপ্ত এসআরএফটিআই! ৩০০-র বেশি পুলিশকর্মী ঢুকে গুঁড়িয়ে দিলেন পড়ুয়াদের ধর্নামঞ্চ, মারধর-হেনস্থার অভিযোগ
পড়ুয়াদের অভিযোগ, সকাল হতে না হতেই বিপুল পুলিশবাহিনী ক্যাম্পাসে ঢুকে তাঁদের দীর্ঘদিনের আন্দোলনের ধর্নামঞ্চ ভেঙে সরিয়ে দেয়
Truth of Bengal: আন্দোলন থামাতে এবার কি পুলিশি শক্তি প্রয়োগ? শনিবার ভোরে ফের উত্তপ্ত হয়ে উঠল কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। পড়ুয়াদের অভিযোগ, সকাল হতে না হতেই বিপুল পুলিশবাহিনী ক্যাম্পাসে ঢুকে তাঁদের দীর্ঘদিনের আন্দোলনের ধর্নামঞ্চ ভেঙে সরিয়ে দেয়। অভিযানে ৩০০-রও বেশি পুলিশকর্মী সামিল ছিলেন বলে দাবি আন্দোলনকারীদের। শুধু মঞ্চ ভেঙে দেওয়াই নয়, সেখানে থাকা চেয়ার, টেবিল-সহ বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীও দু’টি ছোট পিক-আপ ভ্যানে চাপিয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে মারধর, বলপ্রয়োগ এবং ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন পড়ুয়ারা।
আন্দোলনরত এক পড়ুয়ার দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ আচমকাই বিশাল পুলিশবাহিনী প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলেও অভিযোগ। এরপর পুলিশকর্মীদের উপস্থিতিতে ধর্নাস্থলের যাবতীয় সামগ্রী সরানোর কাজ শুরু হয়। পড়ুয়াদের দাবি, ওই আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র প্রতিষ্ঠানেরই সম্পত্তি। সেগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানাতেই পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। পড়ুয়াদের অভিযোগ, প্রতিবাদ করতে গেলে কয়েকজনকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। এমনকি ছাত্রীদের সঙ্গেও শারীরিক টানাহেঁচড়া করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ছবি ও ভিডিয়ো তুলতে গেলে কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন পুলিশকর্মীরা, দাবি আন্দোলনকারীদের। এক পড়ুয়ার কথায়, কোনওরকম প্ররোচনা ছাড়াই তাঁদের উপর এই আক্রমণ চালানো হয়েছে।
সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশকর্মী মোতায়েন ছিলেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, হস্টেল থেকে মূল ফটকের দিকে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে। বাইরে বেরোতে চাইলেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। ক্যাম্পাসের বিভিন্ন অংশে পুলিশ ছড়িয়ে থাকায় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখাও কঠিন হয়ে উঠেছে।অন্যদিকে, পুলিশের এই অভিযানের সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছে এসআরএফটিআই কর্তৃপক্ষ। একটি বিবৃতি প্রকাশ করে তাঁদের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে পড়ুয়াদের একাংশ বেআইনিভাবে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিলেন। আদালতের হস্তক্ষেপ এবং কলকাতা পুলিশের সহযোগিতায় সেই অবৈধ কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনের নামে ক্যাম্পাসে আগুন জ্বালানো, উচ্চস্বরে গান বাজানো, দিন-রাত পার্টি করা এবং বহিরাগতদের বেআইনিভাবে প্রবেশ করিয়ে শিক্ষক ও কর্মীদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি মাদক ও মদ্যপানের অভিযোগও তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। যদিও এই অভিযোগগুলি নিয়ে পড়ুয়াদের বক্তব্য আলাদা।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে এসআরএফটিআইয়ে অচলাবস্থা চলছে। কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাত ক্রমশ বেড়েছে। পরিস্থিতির জেরে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানে পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে। তার মধ্যেই শনিবার ভোরের এই পুলিশি অভিযান নতুন করে উত্তেজনা ছড়াল। আন্দোলনকারীদের অভিযোগ এবং কর্তৃপক্ষের পালটা দাবি ঘিরে এবার এসআরএফটিআইয়ের পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর।






