লোকসভায় বাংলায় ৪২-এ ৪২! গুজরাটে দাঁড়িয়ে মোদিকে বিরাট উপহারের অঙ্গীকার শুভেন্দুর
"তৃণমূলের নাম-নিশান মুছে গিয়েছে!" গুজরাটে দাঁড়িয়ে প্রশাসক মোদির ২৫ বছরে নজিরবিহীন তোপ শুভেন্দুর
Truth of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক প্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্তির বিশেষ দিনে গুজরাটের ভাদনগরের মাটিতে দাঁড়িয়ে বড়সড় শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মোদির জন্মভূমি ভাদনগরে আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’ ও ‘সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু স্পষ্ট ঘোষণা করেন, “আগামী লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী এবং রাজ্য দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলার ৪২টি লোকসভা আসনের সবকটিই আমরা উপহার দেব।”
নরেন্দ্র মোদির রজত জয়ন্তী বর্ষ উদযাপনে যোগ দিতে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে সোজা গুজরাট উড়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাদনগরের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারকে কড়া ভাষায় বিঁধে শুভেন্দু বলেন, “বিগত আমলগুলিতে তোষণ ও দুর্নীতির রাজনীতির কারণে বঙ্গ ব্যাকফুটে চলে গিয়েছিল। কিন্তু বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে বাংলায় উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাসন যোজনা থেকে আয়ুষ্মান ভারতের সুবিধা এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।”
প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও দাবি করেন, “তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান এখন বাংলা থেকে মুছে গিয়েছে। মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন।” আগামী নির্বাচনে লক্ষ্যমাত্রার কথা বলতে গিয়ে শুভেন্দু জানান, ২০২৪ সালের নির্বাচনে দল যা আসন পেয়েছিল, আগামী লোকসভায় সেই সংখ্যাকে বহু দূর পেছনে ফেলে বাংলার ৪২টিতে ৪২টি আসনেই পদ্ম ফোটানোই তাঁদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী পদে প্রথমবার দায়িত্ব গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদি। দীর্ঘ ১৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪ সালের ২৬ মে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। টানা আড়াই দশক ধরে সরকার প্রধানের গুরুদায়িত্ব সাফল্যের সঙ্গে সামলে এক অনন্য নজির গড়েছেন মোদি। মোদির সেই ঐতিহাসিক কর্মযজ্ঞকেই ভাদনগরের মাটি থেকে শ্রদ্ধা জানিয়ে বঙ্গ জয়ের মহাসঙ্কল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





