কলকাতা

আদালতেও কাটল না অনিশ্চয়তা! ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস ব্যবহার নিয়ে আরও আইনি প্যাঁচে অভিষেক

শুক্রবারের শুনানিতে দমকলের নোটিসের বিষয়ে কোনও হস্তক্ষেপ করল না আদালত

Truth of Bengal: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস নিয়ে আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমকলের দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কিন্তু শুক্রবারের শুনানিতে দমকলের নোটিসের বিষয়ে কোনও হস্তক্ষেপ করল না আদালত। ফলে আপাতত ওই অফিস ব্যবহার নিয়েই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, ৪ সেপ্টেম্বর দমকল কর্তৃপক্ষ যে চিঠি দিয়েছিল, তা কার্যকর করা থেকে আপাতত বিরত থাকতে হবে। শুক্রবার তৃণমূলের আবেদন শোনার পর মামলার রায়দান স্থগিত রেখেছে আদালত। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলায় নির্দেশ দেবেন বিচারপতি।

ঘটনার সূত্রপাত ২৫ অগস্ট। তৃণমূলের আইনজীবী অর্ক কুমার নাগ আদালতে জানান, ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় থাকা তৃণমূলের পার্টি অফিস ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নোটিস দিয়েছিলেন বাড়ির মালিক। সেই নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতার সিটি সিভিল কোর্ট। কিন্তু এরপরই নতুন করে সমস্যা তৈরি হয় দমকলের নোটিসে। দমকলের দাবি, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের ওই অংশ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেখানে থাকা ব্যক্তি এবং আশপাশের মানুষের জীবনেও বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। সেই কারণেই অবিলম্বে সপ্তম ও অষ্টম তলার ওই অংশ খালি করার নির্দেশ দেওয়া হয়।

শুধু তাই নয়, নতুন করে প্রয়োজনীয় শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই অংশ ব্যবহারের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে আদালতে জানানো হয়। ফলে বাড়ির মালিকের খালি করার নোটিসে সিভিল কোর্টের স্থগিতাদেশ মিললেও, দমকলের নোটিসের জেরে পার্টি অফিস ব্যবহার নিয়েই নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এই দমকলের নোটিসের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মামলার শুনানিতে আদালত অবশ্য দমকলের নোটিসের বিষয়ে সরাসরি কোনও হস্তক্ষেপ করেনি। তবে ৪ সেপ্টেম্বরের চিঠি আপাতত কার্যকর না করার নির্দেশ দিয়েছে আদালত।

Related Articles