দেশ

পুতিন-জিনপিংয়ের সঙ্গে একই টেবিলে খাবেন শুভেন্দু! দিল্লিতে ব্রিকসের নৈশভোজে বাংলার মুখ্যমন্ত্রী

ব্রিকস সম্মেলন সেরেই সোজা মুম্বই! মুকেশ আম্বানির সঙ্গে মেগা বৈঠকে বড় ধামাকা দেবেন শুভেন্দু?

Truth of Bengal: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্বমঞ্চে উপস্থিতি জানান দেওয়ার সুবর্ণ সুযোগ সামনে এলো শুভেন্দু অধিকারীর। রাজধানী দিল্লিতে আয়োজিত হতে চলেছে দু’দিনের হাই-প্রোফাইল ‘ব্রিকস’ (BRICS) সম্মেলন। আর সেই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী সান্ধ্য আয়োজনে সামিল হতে দিল্লি উড়ে যাচ্ছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতির আয়োজিত বিশেষ নৈশভোজে বিশ্বের প্রথম সারির রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি এক টেবিলে দেখা যাবে শুভেন্দু অধিকারীকেও।

নবান্ন ও দিল্লি সূত্রে খবর, শনিবার দুপুরের দিকেই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। শনিবার ও রবিবার, ১১ ও ১২ সেপ্টেম্বর ভারত মণ্ডপমে কেন্দ্রের মোদি সরকারের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই ঐতিহাসিক সম্মেলন। প্রথম দিনের উদ্বোধনী পর্ব ও বৈঠক শেষে রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত রাইসিনা হিলসে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো শক্তিশালী বিশ্বনেতারা উপস্থিত থাকবেন। দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেই আমন্ত্রণপত্র ইতিমধ্যেই হাতে পেয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই হাই-প্রোফাইল নৈশভোজে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা যাবে শুভেন্দুকে।

তবে এই সফর কেবল ব্রিকস সম্মেলনেই সীমাবদ্ধ থাকছে না। সূত্রের খবর, দিল্লির রাজকীয় নৈশভোজ শেষ করেই শুভেন্দু অধিকারী সোজা উড়ে যেতে পারেন দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে। সেখানে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে তাঁর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনার সম্ভাবনা রয়েছে।

ক্ষমতায় আসার পর থেকেই ‘বদলের বাংলা’য় শিল্পায়ন এবং কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন শুভেন্দু। সেই শিল্প-সংকল্পকে বাস্তবের রূপ দিতেই দেশের শীর্ষ শিল্পপতির সঙ্গে এই বৈঠকের রূপরেখা তৈরি করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক ও শিল্প মহল। আন্তর্জাতিক মঞ্চে রাজ্যকে তুলে ধরা এবং মুম্বই থেকে বিপুল বিনিয়োগের বার্তা আনা, উভয় দিক থেকেই মুখ্যমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles