কলকাতা

চোরবাগানকাণ্ডে কার গাফিলতি? তদন্ত কমিশন গঠন নিয়ে হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি

রাজ্য সরকার চাইলে নিজের পছন্দমতো কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে পারে

Truth of Bengal: চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তদন্তের স্বার্থে কোনও বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। সেই আবেদন খতিয়ে দেখে প্রধান বিচারপতি আরএন ঘুগ স্পষ্ট জানিয়ে দিলেন, কর্মরত কোনও বিচারপতিকে এই কমিশনে নিয়োগ করা সম্ভব নয়। তবে রাজ্য সরকার চাইলে নিজের পছন্দমতো কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে পারে। ফলে এবার কমিশন গঠনের পরবর্তী পদক্ষেপ রাজ্য সরকারের হাতেই।

উৎসবের মরসুমে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। শনিবার, সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি ও বিপুল ভিড়ের মধ্যে মণ্ডপের প্রবেশপথে বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ, ভিড়ের চাপে গেট ভেঙে পড়ার পর পদপিষ্ট হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই বিপর্যয়ের পিছনে কার গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। সেই কমিশনে কলকাতা পুলিশ, দমকল বাহিনী এবং কলকাতা পুরসভার কোনও প্রতিনিধিকে রাখা হবে না বলেও জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে কমিশন গঠনের বিষয়ে আবেদন জানান।

পাশাপাশি, চোরবাগানের দুর্ঘটনা নিয়ে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলাও। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে সেই মামলার শুনানি হয়। রাজ্যের আর্জির প্রেক্ষিতে প্রধান বিচারপতি আরএন ঘুগ সুপ্রিম কোর্টের নির্দেশিকা ও সংশ্লিষ্ট বিধির কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কর্মরত কোনও বিচারপতিকে তদন্ত কমিশনে নিয়োগ করা সম্ভব নয়। বিচারপতির সংখ্যা পর্যাপ্ত না থাকার বিষয়টিও এই সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে তদন্ত কমিশন গঠনের পথ বন্ধ হয়নি। প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, রাজ্য সরকার চাইলে নিজের পছন্দ অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে কমিশনের দায়িত্ব দিতে পারে। অর্থাৎ, চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের বিষয়ে রাজ্যের সামনে আর কোনও বাধা থাকছে না।

Related Articles