কলকাতা

চোরবাগান বিপর্যয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বেই ‘সিট’! ৬ সদস্যের তদন্ত কমিশন গঠন করল নবান্ন

৩ মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পেশের নির্দেশ! চোরবাগান বিপর্যয়ে তদন্তের দায়িত্ব পেলেন কারা?

Truth of Bengal: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের ভয়াবহ পদপিষ্টের ঘটনায় হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের প্রশাসনিক তদন্তে কোনও কর্মরত বিচারপতিকে যুক্ত করা যাবে না। এরপরই হাই কোর্টের নির্দেশ মেনে নবান্নের তরফে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এই উচ্চপর্যায়ের সিট বা তদন্ত কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই ছয় সদস্যের দলে বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী ছাড়াও স্থান পেয়েছেন বিপর্যয় মোকাবিলা ও নাগরিক সুরক্ষা দপ্তরের সচিব, রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের (STF) ডিজি এবং আইজি, রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি, স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) একজন বিশেষ প্রতিনিধি। আগামী তিন মাসের মধ্যে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষ করে রাজ্য সরকারকে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে এই কমিশনকে।

মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের ভিড়ে দমবন্ধ হয়ে ও পদপিষ্ট হয়ে ১৯ জন তরতাজা প্রাণ হারিয়েছিলেন। কার গাফিলতিতে এই মর্মান্তিক বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখাই হবে এই কমিশনের মূল কাজ। ঘটনার দিন ঠিক কোন সময়, কোন গেটে প্রথম ভিড়ের চাপ তৈরি হয়েছিল এবং মণ্ডপের ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শনার্থী উপস্থিত ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, দুর্ঘটনার নেপথ্যে মুষলধারে বৃষ্টি কারণ নাকি মাইকে ‘মণ্ডপ ভেঙে পড়ার’ ভুয়ো ঘোষণা দায়ী ছিল, তাও বিশদে বিশ্লেষণ করবে এই সিট। মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও ক্লাবের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এই ধরণের বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় সুপারিশও করবে তদন্তকারী দল।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেয়েছিলেন হাইকোর্টের কোনও বর্তমান বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠিত হোক। সেই মর্মে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠিও পাঠান। কিন্তু সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। ফলে রাজ্য সরকারের ইচ্ছে বাস্তবায়িত না হলেও, অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে সত্য উদঘাটনে বড় পদক্ষেপ নিল নবান্ন।

Related Articles