গন্ধ ছড়াচ্ছে বাতাসে, রোগ সংক্রমণের আতঙ্ক! নেপালে শয়ে শয়ে অজ্ঞাত পরিচয় দেহ কবর দিচ্ছে প্রশাসন
মর্গে জায়গা নেই, পচন ধরছে মৃতদেহে! নেপালে ৭০০ মৃত্যুর পর গণকবরের ভয়াবহ দৃশ্য
Truth of Bengal: ভয়াবহ হড়পা বান ও দুর্যোগের পর নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে প্রতিবেশী দেশ নেপাল। জলোচ্ছ্বাস ও কাদার তোড়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, নেপালে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৭০০ অতিক্রম করেছে। কিন্তু সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি আরও মর্মান্তিক রূপ নিচ্ছে। উদ্ধার হওয়া শয়ে শয়ে মৃতদেহের পরিচয় মিলছে না। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, মর্গে ঠাঁই না হওয়ায় এবং হাসপাতালগুলিতে স্থানভাব দেখা দেওয়ায় পচন ধরা দেহগুলি রোগ সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। বাধ্য হয়ে ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করে সারিবদ্ধভাবে মৃতদেহগুলি মাটিচাপা দিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।
গত বুধবার নেপালের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেমে আসা মহাপ্রলয়ে একের পর এক জনপদ ধূলিসাৎ হয়ে গিয়েছে। এ পর্যন্ত ৬৭৫টিরও বেশি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ভারতের সীমান্তবর্তী দক্ষিণের চিতওয়ান জেলায় সবচেয়ে বেশি ২৩৩টি মরদেহ উদ্ধার হয়েছে। প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, মর্গগুলিতে হিমঘরের সংকট থাকায় গরমে মৃতদেহগুলিতে পচন ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। সংক্রমণ এড়াতে শনিবার থেকেই চিতওয়ান-সহ বিভিন্ন এলাকায় কবর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
অবশ্য শনাক্তকরণের স্বার্থে একটি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। প্রতিটি দেহ কবর দেওয়ার আগে বায়োলজিক্যাল ডিএনএ সংগৃহীত হচ্ছে এবং একটি নির্দিষ্ট ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হচ্ছে। পরবর্তীতে কোনও স্বজন এসে দাবি করলে বা ডিএনএ রিপোর্ট মিললে যেন দেহ হস্তান্তর করা যায়, সেজন্য দেড় মিটার গভীর প্রতিটি কবরের মাঝে ৪০ সেন্টিমিটার করে ফাঁকা জায়গা রাখা হচ্ছে।
এদিকে দিল্লির বিদেশ মন্ত্রক থেকে জারি করা সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, ভয়াবহ এই দুর্যোগের পর তিন দিন অতিবাহিত হলেও এখনও ২৭৫ জন ভারতীয় নাগরিকের কোনও খোঁজ মেলেনি। তবে আশার কথা হল, বিপর্যস্ত এলাকা থেকে ইতিমধ্যে ১০৮ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং আরও ৫০ জনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। এছাড়া তিব্বত সীমান্ত হয়ে চিন থেকে নিরাপদে নেপালে প্রবেশ করতে পেরেছেন ৫৯৮ জন ভারতীয়। তবে চিনের সীমান্ত সংলগ্ন বিভিন্ন অংশে এখনও প্রায় ৯০০ জন ভারতীয় আটকে রয়েছেন বলে নিশ্চিত করেছে বিদেশ মন্ত্রক।


