বাংলাদেশে অশান্তির আগুনে বড় ধাক্কা পোশাক শিল্পে! জারা-এইচঅ্যান্ডএমের ২,৩৬০ কোটির বরাত বাতিল, সবচেয়ে বেশি লাভ ভারতের
সব মিলিয়ে প্রায় ২,৩৬০ কোটি টাকার বরাত অন্য দেশে সরিয়ে দেওয়া হয়েছে
Truth of Bengal: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও হিংসার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল সে দেশের পোশাক শিল্পে। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় বাংলাদেশ থেকে মুখ ফেরাতে শুরু করেছে একাধিক আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারী সংস্থা। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং সেলিয়োর মতো নামী ব্র্যান্ড বাংলাদেশে দেওয়া বিপুল অঙ্কের পোশাক তৈরির বরাত বাতিল করেছে। সব মিলিয়ে প্রায় ২,৩৬০ কোটি টাকার বরাত অন্য দেশে সরিয়ে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের এই বিপর্যয়েই কার্যত লাভবান হচ্ছে ভারত। বাতিল হওয়া বরাতের সিংহভাগই চলে এসেছে ভারতের হাতে। ফলে আন্তর্জাতিক পোশাক বাজারে ভারতীয় বস্ত্রশিল্পের গুরুত্ব আরও বাড়ছে। শুক্রবার রয়টার্সের একটি প্রতিবেদনে বাংলাদেশের তিন জন পোশাক কারখানার মালিককে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে। তাঁদের দাবি, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশ থেকে প্রায় ২,৩৬০ কোটি টাকার পোশাক তৈরির বরাত সরিয়ে নিয়েছেন। বাংলাদেশের এক মাসের মোট পোশাক বরাতের প্রায় ১০ শতাংশ এই অঙ্কের সমান। ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে কিছু বরাত পাঠানো হয়েছে। উৎপাদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরতা কমিয়ে একাধিক দেশে কাজ ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলি।
বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতীয় বস্ত্রশিল্পের সংস্থাগুলির জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং জ্বালানি সঙ্কটের জেরে বাংলাদেশের পোশাক শিল্প এমনিতেই চাপে রয়েছে। তার উপর রাজনৈতিক অস্থিরতার কারণে সময়মতো পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সুযোগেই বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে আসছে ভারত। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। রয়টার্সের প্রতিবেদন প্রকাশ্যে আসার পর ভারতীয় বস্ত্রশিল্পের একাধিক সংস্থার শেয়ারের দর বেড়েছে। গোকলদাস এক্সপোর্টসের শেয়ার একপর্যায়ে প্রায় ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ট্রাইডেন্টের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। অন্যদিকে ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল এবং বর্ধমান টেক্সটাইলসের শেয়ারেও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি দেখা গিয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের সংকটের পিছনে রয়েছে একাধিক কারণ। পোশাক শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগ ও অন্তর্ঘাতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়ছে রফতানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে।
দেশটির মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে পোশাক শিল্প থেকে। শিল্পক্ষেত্রে মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশের সঙ্গেও এই ক্ষেত্র যুক্ত। ফলে পোশাক শিল্পে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে তার প্রভাব গোটা অর্থনীতিতেই পড়তে পারে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির দাবি, শ্রমিক আন্দোলনের জেরে উৎপাদন ক্ষেত্রে ৪০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিজিএমইএ-র পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, মজুরি বৃদ্ধি, কাঁচামালের দাম এবং উৎপাদন খরচ বাড়ায় কারখানাগুলির উপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলিতে যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করা সম্ভব, সেখানে বাংলাদেশে সেই কাজ শেষ করতে প্রায় ১২০ দিন সময় লাগছে। একই উদ্বেগ প্রকাশ করেছেন আল্পস অ্যাপারেলস গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম। তাঁর দাবি, অস্থিরতার কারণে ১ নভেম্বর থেকে অধিকাংশ আন্তর্জাতিক ক্রেতা নতুন বরাত দেওয়া বন্ধ করে দিয়েছেন। এমনকি আগে দেওয়া বরাতের একাংশও অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু বরাত স্থগিত করা হয়েছে, আবার কিছু সম্পূর্ণ বাতিল হয়েছে।



