আন্তর্জাতিক

গ্রেফতারির হুঁশিয়ারি উপেক্ষা করেই বিজয় দিবসে স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা হাসিনার

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।

Truth of Bengal: ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বার তাঁর দেশে ফেরার সম্ভাব্য দিনক্ষণও সামনে এল। সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেত্রীর। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার মধ্যেই এই প্রথম প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ জানানো হল।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনেই নয় মাসের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। সেই ঐতিহাসিক দিনেই হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজ়াম্মেল আলি রয়টার্সকে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ থেকে বিমানে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। তাই তাঁকে ঢাকায় ফেরানোর জন্য বাংলাদেশের সরকারেরই বিমানের ব্যবস্থা করা উচিত। তাঁর বক্তব্য, প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব এখন বাংলাদেশের সরকারের।

তবে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। তাঁকে দেশে ফেরানোর জন্য ভারতের সঙ্গে কোনও বিমান সংক্রান্ত আলোচনা হয়নি বলেও দাবি করেছেন ওই মন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। ট্রাইব্যুনালের বিচারক মহম্মদ আমিনুল ইসলামের দাবি, দেশে ফিরলে হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, হাসিনা আগেই জানিয়েছেন, গ্রেফতারি কিংবা মৃত্যুভয় তাঁকে দেশে ফেরা থেকে আটকাতে পারবে না। নিজের দেশের মাটিতেই ফিরতে চান তিনি।

২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। তার পর থেকেই ভারতে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। অন্তর্বর্তী সরকার তাঁর পাসপোর্ট বাতিল করার পর গত ৯ নভেম্বর পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দেন তিনি। কোনও সরকারি জবাব না পাওয়ায় ১৯ নভেম্বর ফের চিঠি পাঠিয়ে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার আবেদন জানিয়েছেন। ব্রিটেনের আইনজীবীর মাধ্যমে ঢাকার সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন হাসিনা।

Related Articles