আন্তর্জাতিক

১৭ হাজার মজুরিতে নারাজ শ্রমিকরা, ৩০ হাজারের দাবি, ফের উত্তাল বাংলাদেশ! বন্ধ ৩৫টি পোশাক কারখানা

বুধবার সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর-সহ বাংলাদেশের একাধিক শিল্পাঞ্চল

Truth of Bengal: মজুরি বাড়ানোর ঘোষণা করেও ক্ষোভ প্রশমিত করতে পারল না বাংলাদেশ সরকার। মাসিক ৩০ হাজার বাংলাদেশি টাকা বেতনের দাবিতে ফের পথে নামলেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার রাতে ন্যূনতম মজুরি ৩৭ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার ঘোষণা করা হলেও তাতে সন্তুষ্ট নন শ্রমিকরা। তাঁদের দাবি, এই সামান্য বৃদ্ধিতে সংসার চালানো কার্যত অসম্ভব। সেই দাবিতেই বুধবার সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর-সহ বাংলাদেশের একাধিক শিল্পাঞ্চল। ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকেরা। পরিস্থিতির জেরে গাজীপুরের অন্তত ৩৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। বাংলাদেশে পোশাকশিল্পের কর্মীদের ন্যূনতম মাসিক মজুরি বর্তমানে ছিল ১২ হাজার ৫০০ বাংলাদেশি টাকা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ হাজার ২৫০ টাকা। দীর্ঘদিন ধরেই এই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকেরা। তাঁদের দাবি ছিল, মাসিক বেতন বাড়িয়ে ৩০ হাজার বাংলাদেশি টাকা করতে হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২ হাজার ২০৩ টাকা।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গত ১ নভেম্বর ছ’সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করে। মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর সেই বোর্ড ন্যূনতম মজুরি ৩৭ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার বাংলাদেশি টাকা করার ঘোষণা করে। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ১২ হাজার ৫০০ টাকা। কিন্তু শ্রমিকদের দাবি, এই বর্ধিত বেতনেও বর্তমান বাজারদরে সংসার চালানো সম্ভব নয়। তাই ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বুধবার সকাল থেকেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে গাজীপুর-সহ বিভিন্ন এলাকায়। ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়কে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় আটকে পড়েন অসংখ্য যাত্রী। গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে জরুরি কাজে ঢাকাগামী বহু মানুষ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি।অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়কের গাজীপুর এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ফলে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন জানিয়েছেন, বুধবার সকাল থেকে একাধিক এলাকায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি জায়গায় কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। তবে এখনও জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, অশান্তির জেরে গাজীপুরের অন্তত ৩৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন মালিকেরা। ফলে একদিকে যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের পোশাকশিল্পে এই মজুরি আন্দোলন চলছে। নতুন মজুরি বোর্ড গঠন এবং বেতন বৃদ্ধির ঘোষণা করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি সরকার। বরং ১৭ হাজার টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকার দাবিতে অনড় শ্রমিকেরা। ফলে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related Articles