হাসিনার প্রত্যাবর্তনের জল্পনায় তপ্ত বাংলাদেশ, সীমান্তে বাড়তি সতর্কতা
সম্ভাব্য অশান্তি ঠেকাতে ভারত সীমান্তবর্তী এলাকায় রাতভর পাহারা ও টহল শুরু করেছেন বিএনপি এবং জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকেরা।
Truth of Bengal: ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। তার আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সক্রিয়তা বাড়িয়েছে আওয়ামী লীগ। সম্ভাব্য অশান্তি ঠেকাতে ভারত সীমান্তবর্তী এলাকায় রাতভর পাহারা ও টহল শুরু করেছেন বিএনপি এবং জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকেরা।
বিএনপির নেতা-কর্মীরা সীমান্তবর্তী এলাকায় পাহারা দিচ্ছেন। অন্যদিকে, জামায়াতের সদস্যেরা বাইক নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ ও অশান্তি আটকাতেই এই উদ্যোগ বলে দাবি স্থানীয় রাজনৈতিক কর্মীদের। বিজিবির আধিকারিক মহম্মদ মেহবুব মোরশেদ রহমান জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের সচেতনতা বেড়েছে। তাঁরা তথ্য দিয়ে বাহিনীকে সাহায্য করছেন। তবে নিরাপত্তার মূল দায়িত্ব বিজিবির হাতেই রয়েছে।
দিনাজপুরের সাহাপাড়া ও কামারপাড়া, জামালপুরের বক্সীগঞ্জ, বেনাপোল এবং কুমিল্লার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নজরদারি চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অন্যদিকে, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি-সহ আট দফা দাবিতে রবি ও সোমবার দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় প্রচার মিছিলও হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাস, ট্রেন, ব্যাঙ্ক, থানা এবং বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ উঠেছে। ঢাকায় আওয়ামী লীগের ৪৫ জন নেতা-কর্মী-সহ মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গোপালগঞ্জ-সহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষের খবরও সামনে এসেছে। সংঘর্ষে যুবলীগের এক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে বিজয় দিবসের আগে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে।






