“ভিন রাজ্য ছাড়ুন, এবার নিজের ঘরেই কাজ!”, জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বড় বার্তা মুখ্যমন্ত্রীর!
পুরুলিয়া-বাঁকুড়ায় হাজার হাজার কোটির বিনিয়োগ! ১৯,০০০ কোটি টাকার মেগা প্রজেক্টে কীভাবে মিলবে চাকরি?
Truth of Bengal: পেটের তাগিদে পুরুলিয়া, বাঁকুড়া-সহ সমগ্র জঙ্গলমহলের বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। নিজের ভিটেমাটি ছেড়ে দূরে থাকা সেই সমস্ত শ্রমিকদের এবার স্বভূমে ফিরে আসার খোলা আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মসংস্থানের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আপনারা নিজেদের রাজ্যে ফিরে আসুন, জঙ্গলমহলকে শিল্পে ভরিয়ে দেওয়া হবে।” রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের গতি বাড়াতে বর্তমান সরকার কী কী উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে, সোমবার তারই বিশদ খতিয়ান তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫ হাজার কোটি টাকার একটি নতুন কারখানার ভূমি পূজন সম্পন্ন করেছেন তিনি। বিশাল এই প্রকল্পের মাধ্যমে অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি অমিত মেটালিকস আরও ৪ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পুরুলিয়ার রঘুনাথপুরে ১৪৮ একর জমির উপর গড়া এই ইন্টিগ্রেটেড গ্রীনফিল্ড প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন তথা ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী খোদ এবং সঙ্গে ছিলেন মন্ত্রিসভার আরও ৭ জন মন্ত্রী। এই প্রকল্পে থাকবে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ফেরো অ্যালয় এবং স্পঞ্জ আয়রনের বিশেষ ইউনিট।
জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়ে শুভেন্দু অধিকারী জোর গলায় বলেন, “জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে, কাজ দিতে হবে, কাজ দিতে হবে।” তিনি আরও জানান, অমিত মেটালিকস রাজ্য সরকারের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে এই প্রকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে জঙ্গলমহলের প্রায় ১০ হাজার অদক্ষ শ্রমিককে সরাসরি ও পরোক্ষভাবে কাজের সুযোগ দেওয়া হবে।
এই কর্মসংস্থান ও বিনিয়োগ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মামনি বাউরি ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। জঙ্গলমহল জুড়ে একের পর এক বড় শিল্প উদ্যোগ যেভাবে ডানা মেলছে, তাতে দীর্ঘদিনের পরিযায়ী সমস্যার স্থায়ী সমাধান হবে বলেই আশা রাজ্যবাসীর।






