রাজ্যের খবর

মন্ত্রী অর্জুন সিংয়ের নাম ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ২

শুক্রবার উত্তর ২৪ পরগনার ইছাপুর এলাকা থেকে সোমনাথ দাস ও রোমান দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Truth of Bengal: রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের ( Arjun Singh)  নাম ব্যবহার করে ভুয়ো সুপারিশপত্র তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার উত্তর ২৪ পরগনার ইছাপুর এলাকা থেকে সোমনাথ দাস ও রোমান দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মন্ত্রীর নামে জাল শংসাপত্র তৈরি করে তা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক ব্যক্তি একটি সরকারি দফতরে ওই সুপারিশপত্র জমা দেন। নথির সত্যতা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সন্দেহ হওয়ায় তা যাচাই করা হয়। তদন্তে সেটি ভুয়ো বলে প্রমাণিত হলে বিষয়টি নোয়াপাড়া থানায় জানানো হয়। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় এবং কীভাবে এই ভুয়ো শংসাপত্র তৈরি করা হচ্ছিল, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

বিজেপির নোয়াপাড়া-২ মণ্ডল সভাপতি সুপ্রিয় দে জানান, বিষয়টি মন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh) নজরে আনা হয়েছে। তাঁর দাবি, মন্ত্রী ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ নথি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে। শুক্রবার ধৃতদের বারাকপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে এবং জালিয়াতি চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করতে পুলিশ তাঁদের হেফাজতের আবেদন জানিয়েছে। তবে আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তাঁদের এই ঘটনায় ফাঁসানো হয়েছে।

 

Related Articles