ব্রিকসের মঞ্চে তিন বিশ্বনেতা, নেপথ্যে নজর কাড়লেন সিদ্ধার্থ বাবু
২০১৭ ব্যাচের এই আইএফএস আধিকারিক বর্তমানে বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া বিভাগে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত।
Truth of Bengal: সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একসঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে তিন রাষ্ট্রনেতার পাশাপাশি নজর কেড়েছেন তাঁদের পিছনে দাঁড়ানো এক তরুণ ভারতীয় কূটনীতিক।
তিনি ৩৬ বছর বয়সি সিদ্ধার্থ বাবু। ২০১৭ ব্যাচের এই আইএফএস আধিকারিক বর্তমানে বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া বিভাগে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। চিনা ভাষায় সাবলীল দক্ষতা এবং বেজিংয়ে কাজের অভিজ্ঞতার কারণেই ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে দোভাষীর দায়িত্ব সামলান তিনি।
কেরলের কোচির বাসিন্দা সিদ্ধার্থ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর কিছুদিন বেসরকারি সংস্থায় কাজ করেন। পরে সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় প্রচেষ্টায় সর্বভারতীয় স্তরে ১৫তম স্থান অর্জন করে আইএফএস বেছে নেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বেজিংয়ে ভারতীয় দূতাবাসে কর্মরত থাকার সময় চিনা ভাষায় দক্ষতা অর্জন করেন তিনি। পরে ক্যালিফোর্নিয়ায় কনসাল হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ভাষা অনুবাদ ও ইন্টারপ্রিটেশন নিয়ে উচ্চশিক্ষা করেন।
২০২৫ সাল থেকে পূর্ব এশিয়া বিভাগের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সিদ্ধার্থ। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর দোভাষী হিসেবে কাজ করেছেন তিনি। ব্রিকসের ভাইরাল ছবির সুবাদে এবার আলোচনায় উঠে এলেন সেই নেপথ্যের কূটনীতিক।

