কলকাতা

পুজোর আগে বাড়ছে ডেঙ্গি, ২০২৭-এই বাজারে আসতে পারে দেশীয় টিকা ‘ডেঙ্গিঅল’

কলকাতার একটি অনুষ্ঠানে আইসিএমআর-এর ডিজি জানিয়েছেন, টিকার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে এবং প্রাথমিক ফল আশাব্যঞ্জক।

Truth of Bengal: পুজোর আগে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দফতরের। এর মধ্যেই ডেঙ্গি মোকাবিলায় আশার খবর দিল আইসিএমআর। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের ডেঙ্গি মরসুমের আগেই সাধারণ মানুষের জন্য বাজারে আসতে পারে দেশীয় ডেঙ্গি টিকা ‘ডেঙ্গিঅল’।

কলকাতার একটি অনুষ্ঠানে আইসিএমআর-এর ডিজি জানিয়েছেন, টিকার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে এবং প্রাথমিক ফল আশাব্যঞ্জক। বর্তমানে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। সেই পরীক্ষার ফল সন্তোষজনক হলে এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন মিললে ২০২৭ সালের অগস্ট-সেপ্টেম্বর নাগাদ টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

আইসিএমআর ও প্যানাসিয়া বায়াটেক যৌথভাবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে ‘ডেঙ্গিঅল’ তৈরি করছে। ডেঙ্গির চারটি সেরোটাইপ—ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪-এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরির লক্ষ্যেই এই টিকা তৈরি হচ্ছে। এটি এক ডোজের টিকা হিসেবে তৈরি করা হচ্ছে।

২০২৪ সালে দেশের ১৯টি কেন্দ্রে ১০ হাজার ৩৩৫ জনকে নিয়ে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। এখন সেই পরীক্ষার চূড়ান্ত ফল এবং প্রয়োজনীয় অনুমোদনের দিকেই নজর রয়েছে।

অন্যদিকে, পুজোর আগে পশ্চিমবঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সতর্ক হয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের ৮৫টি ব্লক, ২৭৮টি গ্রাম পঞ্চায়েত এবং ২৯টি পুরসভাকে ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে নজরদারি ও পরীক্ষা বাড়ানো হয়েছে।

Related Articles