রাজ্যের খবর

মহিলাদের জন্য ‘পিঙ্ক কার্ড’ থেকে বাসে সিসিটিভি! পুজোয় আমূল বদলে যাচ্ছে রাজ্যের সরকারি বাস পরিষেবা

মঙ্গলবার বারাকপুরে নতুন বারাকপুর-এসপ্ল্যানেড সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী

Truth of Bengal: দুর্গাপুজোর আগেই রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে নতুন রূপ দিতে একাধিক পরিকল্পনার ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। নতুন সরকারি বাস চালু, বন্ধ হয়ে যাওয়া রুটে পরিষেবা ফেরানো, মহিলা যাত্রীদের জন্য ‘পিঙ্ক কার্ড’, সরকারি বাসে জিপিএস ও সিসিটিভি বসানো এবং বেআইনি অটো-টোটোর বিরুদ্ধে অভিযান—সব মিলিয়ে পরিবহণে বড়সড় সংস্কারের বার্তা দিলেন তিনি। মঙ্গলবার বারাকপুরে নতুন বারাকপুর-এসপ্ল্যানেড সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী। সেখানেই তিনি জানান, প্রায় দু’কোটি টাকা মূল্যের অত্যাধুনিক বাস ইতিমধ্যে রাস্তায় নামানো হয়েছে। পুজোর আগে আরও ইলেকট্রিক, সিএনজি এবং শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবায় যুক্ত হবে। রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আরও এক হাজার বাস চাওয়া হয়েছে বলেও জানান অর্জুন। তাঁর আশ্বাস, এস-১১ রুটের পাশাপাশি ৮৫ নম্বর এবং এমএন-৫-সহ যে সমস্ত রুটে দীর্ঘদিন বাস চলাচল বন্ধ রয়েছে, সেখানে ধাপে ধাপে সরকারি পরিষেবা ফিরিয়ে আনা হবে।

পর্যটনের কথা মাথায় রেখে ভবিষ্যতে ওপেন-হুড ডাবল ডেকার বাস চালুর পরিকল্পনাও রয়েছে পরিবহণ দপ্তরের। কলকাতা ও রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলিতে এই বিশেষ বাস চালানো হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। মহিলা যাত্রীদের নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব সরকারি বাসে জিপিএস ও সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালুর পরিকল্পনা রয়েছে। বাসে কোনও সমস্যা বা হেনস্তার ঘটনা ঘটলে ওই নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’ চালু হবে বলেও ঘোষণা করেন অর্জুন। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও আয়সীমা বা পৃথক যোগ্যতার শর্ত থাকবে না বলে দাবি তাঁর। দু’-চার দিনের মধ্যেই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হতে পারে। পরিবহণ দপ্তরের অতীতের কাজকর্ম নিয়েও এদিন গুরুতর অভিযোগ তোলেন মন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে সরকারি বাসের টায়ার এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি ও বিক্রির ঘটনা ঘটেছে। ভালো বাস থেকে নতুন যন্ত্রাংশ খুলে নিয়ে পুরনো বা নিম্নমানের সামগ্রী লাগানো হত বলেও অভিযোগ করেন তিনি।

অর্জুনের বক্তব্য, সরকারি সম্পত্তির এই অপচয় এবং দুর্নীতি বন্ধ করা গেলে পরিবহণ দপ্তরকে ফের লাভজনক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সমস্ত ডিপো, গ্যারাজ এবং যন্ত্রাংশের হিসাব খতিয়ে দেখা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বেআইনি অটো ও টোটো নিয়েও কড়া অবস্থান নিয়েছেন পরিবহণমন্ত্রী। তাঁর অভিযোগ, বহু ক্ষেত্রে একটি রুটের পারমিট ব্যবহার করে অন্য রুটে অটো চালানো হচ্ছে। অনুমোদিত সংখ্যার তুলনায় অনেক বেশি গাড়ি রাস্তায় নামানো হয়েছে এবং বিভিন্ন সিন্ডিকেট চালকদের কাছ থেকে নিয়মিত টাকা তুলছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যে রুটের জন্য পারমিট দেওয়া হয়েছে, সেই রুটেই অটো চালাতে হবে। বেআইনি অটো-টোটো, অনুমতিবিহীন রুট এবং সিন্ডিকেটের বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান চলবে। এদিন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকেও নিশানা করেন অর্জুন। অভয়া মামলা, মণীশ শুক্লা হত্যা এবং লটারির টিকিট দখল-সহ একাধিক ঘটনায় নির্মলের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগগুলি এখনও আদালতে প্রমাণিত নয়। হুঁশিয়ারির সুরে পরিবহণমন্ত্রী বলেন, “নির্মল ঘোষ বাঁচবেন না। তিনি যে শিবিরেই যান না কেন, আইনের হাত থেকে রেহাই পাবেন না। তাঁকে ধরা হবে।”

Related Articles