কলকাতারাজ্যের খবর

কলকাতায় দুপুরের পর ফের বৃষ্টি! উত্তর-দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের পূর্বাভাস

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকবে।

রবিবারও দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বিশেষ করে দুপুরের পর শহরের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে একই প্রবণতা দেখা যাচ্ছে। সোমবারও সেই ধারা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

Related Articles