কলকাতা

অর্জুনের দুয়ারে মদন! কামারহাটির জল ও বেতন জট মেটাতে অর্জুনের ঘরে মদন

বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের সঙ্গে তুলনা টেনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও শোনা গেল তাঁকে

Truth of Bengal: কামারহাটিতে গঙ্গাজল সরবরাহের পাইপ ফেটে বিপাকে সাধারণ মানুষ। তার উপর মাসের ১৮ তারিখ পেরিয়ে গেলেও পুরকর্মীদের বেতন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই দুই সমস্যা নিয়েই নোয়াপাড়ার বিধায়ক তথা শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের সঙ্গে তুলনা টেনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও শোনা গেল তাঁকে। কামারহাটি পুরসভার একটি অংশে গঙ্গাজল সরবরাহের পাইপ ফেটে যাওয়ায় পানীয় জল পরিষেবা ব্যাহত হচ্ছে। অভিযোগ, পাইপের সমস্যার কারণে সরবরাহের জলে নোংরা জলও মিশে যাচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে, পুরসভার কর্মীদের বেতনও এখনও না হওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে কর্মীমহলে।

এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা এবং কর্মীদের সমস্যার দ্রুত সমাধানের দাবি নিয়ে মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে আলোচনা করেন মদন মিত্র। সূত্রের খবর, বিষয়টি জানার পর অর্জুন তৎক্ষণাৎ প্রাথমিক পদক্ষেপের নির্দেশ দেন। আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি। বৈঠক ফলপ্রসূ হওয়ার পরই রাজনৈতিক মন্তব্য করেন মদন। তাঁর দাবি, অর্জুন সিংয়ের সঙ্গে তিনি দেখা করছেন—এ কথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতেন। তা সত্ত্বেও তাঁকে কোনও বাধার মুখে পড়তে হয়নি।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের প্রসঙ্গ টেনে মদনের অভিযোগ, সেই সময়ে বিরোধী শিবিরের কোনও নেতার সঙ্গে দেখা করতে গেলেই নানা প্রশ্নের মুখে পড়তে হত। এমনকি দলীয় শাস্তি বা সাসপেনশনের আশঙ্কাও থাকত বলে দাবি করেন তিনি। কামারহাটির জল ও বেতন সমস্যা মেটাতে অর্জুন সিংয়ের সঙ্গে মদন মিত্রের এই বৈঠক যেমন প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ, তেমনই ঋতব্রতের প্রশংসা এবং মমতা জমানাকে কটাক্ষ ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছে।

Related Articles