কলকাতা

ভোটার তালিকায় নাম নেই বলে রেশন বন্ধ? কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের

আদালতের অন্তর্বর্তী নির্দেশের ফলে মামলাকারী-সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রেশন সুবিধা আপাতত বহাল থাকবে।

Truth of Bengal: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কোনও ব্যক্তির রেশন বন্ধ করা যাবে না। এমনই গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ভোটার তালিকায় নাম না থাকার কারণে যাঁদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, অবিলম্বে তাঁদের সেই সুবিধা পুনরায় চালু করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের পর্যবেক্ষণ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি রেশন পাওয়ার অযোগ্য হয়ে যান না। ভোটাধিকার এবং খাদ্য নিরাপত্তার অধিকার—দু’টি পৃথক বিষয়। একটির সঙ্গে অন্যটির সরাসরি যোগ নেই।

আদালতের অন্তর্বর্তী নির্দেশের ফলে মামলাকারী-সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রেশন সুবিধা আপাতত বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। মামলাকারীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। এরপর স্থানীয় রেশন দোকানের তরফে তাঁকে জানানো হয়, ভোটার তালিকায় নাম না থাকায় তাঁর রেশন পরিষেবাও বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।

মামলার শুনানিতে আদালত জানায়, ভোটার তালিকা প্রস্তুত করা এবং গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে রেশন দেওয়া—দু’টি সম্পূর্ণ পৃথক প্রশাসনিক প্রক্রিয়া। ভোটার হিসেবে নাম নথিভুক্ত না থাকলেও কোনও ব্যক্তি বৈধ রেশন কার্ডধারী হলে তাঁর খাদ্যসুরক্ষার অধিকার কেড়ে নেওয়া যায় কি না, তা বৃহত্তর পরিসরে বিবেচনা করা প্রয়োজন। বেঞ্চের ইঙ্গিত, শুধু ভোটার তালিকায় নাম না থাকার যুক্তিতে রেশন বন্ধ করলে তা নাগরিকের মৌলিক খাদ্য নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেশন পরিষেবা বন্ধ রাখা যাবে না।

Related Articles