রাজ্যের খবর

রাম মন্দিরের আদলে তৈরি চোখধাঁধানো দুর্গা মণ্ডপ! দর্শনার্থীদের জন্য বড় চমক

এই অভিনব আয়োজন ঘিরে বাড়ছে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের আগ্রহ

Truth of Bengal: অযোধ্যার রাম মন্দিরের আবহ এবার দেখা যাবে দুর্গাপুরে। শহরের ক্ষুদিরাম মাঠে রাম মন্দিরের স্থাপত্যকে সামনে রেখে তৈরি হচ্ছে বিশাল দুর্গাপুজোর মণ্ডপ। ইতিমধ্যেই দক্ষ শিল্পীদের হাতে ধীরে ধীরে রূপ নিচ্ছে সেই মণ্ডপ। পুজোর আগে প্রস্তুতি যত এগোচ্ছে, ততই এই অভিনব আয়োজন ঘিরে বাড়ছে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের আগ্রহ। এবারের পুজোর মূল থিম অযোধ্যার রাম মন্দির। সেই মন্দিরের স্থাপত্যশৈলী, নকশা ও আবহ যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করছেন উদ্যোক্তারা। মণ্ডপজুড়ে থাকবে সূক্ষ্ম কারুকাজ, চোখধাঁধানো নির্মাণশৈলী এবং বিশেষ আলোকসজ্জা। সন্ধ্যা নামার পর আলোয় গোটা পুজো প্রাঙ্গণ অন্য রূপ নেবে বলেই দাবি আয়োজকদের।

প্রায় ১ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই থিম মণ্ডপ। ইতিমধ্যেই পুজো প্রাঙ্গণে এসে পৌঁছেছে রাম, সীতা ও হনুমানের প্রতীকী মূর্তি। পাশাপাশি রাখা হয়েছে হাতির প্রতিকৃতিও। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলিকে বিশেষভাবে সাজানো হবে। ফলে মণ্ডপে প্রবেশের পর দর্শনার্থীরা যেন রাম মন্দিরকেন্দ্রিক এক আলাদা পরিবেশ অনুভব করতে পারেন, সেই পরিকল্পনাই করছেন উদ্যোক্তারা। ‘ইচ্ছে পূরণ’-এর উদ্যোগে টানা চার বছর ধরে ক্ষুদিরাম মাঠে এই দুর্গাপুজোর আয়োজন হয়ে আসছে। প্রতি বছরই নতুন কোনও ভাবনা ও অভিনব উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের চমকে দেওয়ার চেষ্টা করেন আয়োজকরা। তবে এবারের আয়োজন আগের বছরগুলির তুলনায় আরও বড় পরিসরে হচ্ছে বলে জানা গিয়েছে।

মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা—প্রতিটি ক্ষেত্রেই থাকছে বিশেষ পরিকল্পনা। পুজোর দিনগুলিতে বিপুল দর্শনার্থীর সমাগম হবে বলেও আশা উদ্যোক্তাদের। পুজোর উদ্যোক্তা পারিজাত গঙ্গোপাধ্যায়ের দাবি, এবারের আয়োজন শুধু দুর্গাপুর নয়, গোটা রাজ্যের দুর্গাপুজোর মানচিত্রেই আলাদা জায়গা করে নিতে পারে। তাঁর কথায়, ক্ষুদিরাম মাঠের এই পুজো এবার দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে।