দ্বিতীয়বার আইপিএল ট্রফি আরসিবি-র! ফাইনালের নায়ক কোহলি, কে কোন পুরস্কার পেল?
আইপিএল জুড়ে শুধুই বৈভব সূর্যবংশী! এক নজরে কোটি কোটি টাকার পুরস্কার তালিকা
Truth of Bengal: যা কেউ কোনোদিন ভাবেনি, সেটাই এবার সত্যি করে দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হলো আরসিবি। গতবার দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম ট্রফি জিতেছিল বেঙ্গালুরু, আর এবার ট্রফি ধরে রেখে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রজত পাতিদাররা। মেগা ফাইনালের মহানাটকীয় ম্যাচে টসে জিতে শুভমান গিলের গুজরাটকে শুরুতে চেপে ধরেন ভুবনেশ্বর কুমার ও রশিখ সালামরা। তাঁদের আঁটসাঁট বোলিংয়ের পর রান তাড়া করতে নেমে ম্যাচের রাশ নিজের হাতে নেন কিং কোহলি। শেষ পর্যন্ত ৪২ বলে ৭৫ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলে, ছক্কা হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন করেন বিরাট কোহলি। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি।
এক নজরে পুরস্কারের তালিকা ও কে কত টাকা পেল?
খেতাব জেতার পাশাপাশি আইপিএলের মেগা ফাইনালে দলগত ও ব্যক্তিগত স্তরে কোটি কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন দল আরসিবি পেয়েছে ২০ কোটি টাকা এবং রানার্স আপ গুজরাট টাইটান্সের ঝুলিতে গিয়েছে ১২.৫ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল পেয়েছে যথাক্রমে ৭ কোটি এবং ৬.৫ কোটি টাকা। সেরা স্টেডিয়ামের পুরস্কার পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স (৫০ লক্ষ টাকা)।
টুর্নামেন্টের সেরা বৈভব সূর্যবংশী
এবারের আইপিএলে ব্যক্তিগত পুরস্কারের মঞ্চে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। একাই একঝাঁক পুরস্কার পকেটে পুরেছেন তিনি। টুর্নামেন্টে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ (১০ লক্ষ টাকা) জেতার পাশাপাশি টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (১৫ লক্ষ টাকা) এবং ‘ইমার্জিং প্লেয়ার’ (১০ লক্ষ টাকা)-এর পুরস্কারও পেয়েছেন তিনি। ২৩৭ স্ট্রাইক রেট নিয়ে তিনি হয়েছেন ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ এবং টুর্নামেন্টে সর্বাধিক ৭২টি ছক্কা মেরে আরও ১০ লক্ষ টাকা জিতেছেন বৈভব।
অন্যান্য পুরস্কার প্রাপক:
-
পার্পল ক্যাপ: কাগিসো রাবাডা (গুজরাট টাইটান্স, ২৯ উইকেট) – ১০ লক্ষ টাকা
-
সর্বাধিক চার: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স, ৭৫টি চার) – ১০ লক্ষ টাকা
-
সেরা ক্যাচ: মণীশ পাণ্ডে (কলকাতা নাইট রাইডার্স) – ১০ লক্ষ টাকা
-
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: পাঞ্জাব কিংস
টানা দু’বার ট্রফি জিতে বেঙ্গালুরুর ভক্তদের বাঁধভাঙা উল্লাসে ভাসালেন বিরাট কোহলি। ১৮ বছর ধরে ট্রফির যে আক্ষেপ আরসিবি সমর্থকদের মনে ছিল, তা যেন গত দুই বছরে সুদে-আসলে উশুল করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স।





