খেলা

‘আমি দলের পাশে আছি’, স্পষ্ট বার্তা সূর্যকুমার যাদবের

সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে শ্রেয়স আয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Truth of Bengal: নেতৃত্ব হারানো এবং দল থেকে বাদ পড়ার পর নানা জল্পনার মধ্যে মুখ খুললেন ভারতের টি-টোয়েন্টি দলের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব। দলের পারফরম্যান্স নিয়ে তাঁর নামে যে সমস্ত মন্তব্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ অস্বীকার করেছেন সূর্য। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তিনি সবসময় ভারতীয় দলের পাশে রয়েছেন।

সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে শ্রেয়স আয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকেই সূর্যকে ফের অধিনায়ক করার দাবি তুলেছেন অনেক ক্রিকেটপ্রেমী। এমনকী, দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সূর্য অসন্তুষ্ট বলেও বিভিন্ন খবর প্রকাশ্যে এসেছিল। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সমাজমাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করেছেন তিনি।

সূর্য লিখেছেন, ‘এই দলের জন্য আমি খুব খুশি। দলকে শুভেচ্ছা জানাই। আমি জানি, ছেলেরা নিজেদের সেরাটা দেবে। আমি সবসময় দলের পাশে আছি।’ নিজের নামে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিরুদ্ধেও সরব হয়েছেন ভারতীয় ব্যাটার। তিনি জানিয়েছেন, দলের বিষয়ে তিনি কোনও নেতিবাচক মন্তব্য করেননি। সূর্যের কথায়, ‘অনলাইনে আমার নামে কিছু খবর দেখেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনও মন্তব্য করিনি। যে খবর প্রকাশিত হয়েছে, তা অসত্য। আমার সঙ্গে কথা না বলে এমন কোনও বিবৃতিতে বিশ্বাস করবেন না।’

তিনি আরও বলেন, দলের প্রতি তাঁর সমর্থন এবং সতীর্থদের প্রতি ভালোবাসা সবসময় অটুট থাকবে। ভুয়ো খবর তাঁর কাছে কোনও গুরুত্ব রাখে না বলেও জানিয়েছেন সূর্য।

এদিকে, ইংল্যান্ড সিরিজে ভারতের হয়ে অভিষেক হওয়া ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীকেও শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার। তরুণ ক্রিকেটারকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘তুমি একটি দুর্দান্ত যাত্রা শুরু করেছ। প্রতিটি মুহূর্ত উপভোগ করো এবং দেশকে গর্বিত করো।’

উল্লেখ্য, ব্যাট হাতে সাম্প্রতিক সময়ের ফর্মের কারণে সূর্যকুমার যাদবকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড ছিল নজরকাড়া। তাঁর নেতৃত্বে ভারত কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারেনি। তাঁর অধিনায়কত্বে ভারত এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে, শ্রেয়স আয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। আয়ারল্যান্ড সিরিজে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও চাপের মুখে পড়েছে ভারতীয় দল। ফলে পরপর দুই সিরিজ হারার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও দলের পাশে দাঁড়িয়ে সূর্য বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে তাঁর কাছে জাতীয় দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

Related Articles