আড়াই বছর পর আবারও সমাজমাধ্যমে নিজের অনুশীলনের ছবি পোস্ট কোহলির
দীর্ঘদিন ধরে তাঁর অনুশীলনের ঝলক দেখতে না পেয়ে যে সমর্থকেরা হতাশ ছিলেন, তাঁদের কাছে এই পোস্ট নিঃসন্দেহে স্বস্তির বার্তা।
Truth Of Bengal: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরুর আগে প্রস্তুতিতে পুরোপুরি মন দিয়েছেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছর পর সমাজমাধ্যমে নিজের অনুশীলনের ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে অনুশীলনের এই ছবি ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সমর্থকদের মধ্যে।ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন কোহলি। একটি ছবিতে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা যাচ্ছে তাঁকে, অন্যটিতে সতীর্থদের সঙ্গে জগিংয়ে অংশ নিতে দেখা যায়। তৃতীয় ছবিতে কিট ব্যাগ কাঁধে নিয়ে অনুশীলন মাঠের দিকে হাঁটছেন ভারতীয় তারকা। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এই প্রথমবার নিজের প্রস্তুতির ছবি প্রকাশ করলেন কোহলি। দীর্ঘদিন ধরে তাঁর অনুশীলনের ঝলক দেখতে না পেয়ে যে সমর্থকেরা হতাশ ছিলেন, তাঁদের কাছে এই পোস্ট নিঃসন্দেহে স্বস্তির বার্তা।
সাম্প্রতিক বছরগুলিতে কোহলি মূলত বিজ্ঞাপন, স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কিংবা কেরিয়ারের বড় সাফল্য সংক্রান্ত পোস্টেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। সেই কারণে এই অনুশীলনের ছবি নতুন করে তাৎপর্য পেয়েছে। নতুন বছরের শুরুতেই অবশ্য অনুষ্কার সঙ্গে একটি মজার ছবি পোস্ট করেছিলেন কোহলি, যেখানে তাঁর মুখে স্পাইডারম্যানের আর অনুষ্কার মুখে প্রজাপতির ছবি আঁকা ছিল।এই মুহূর্তে ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে বরোদায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন কোহলি।
রবিবার এই মাঠেই শুরু হবে সিরিজ। ঘরোয়া ক্রিকেটে ফিরে অবশ্য নিজের ব্যাটেই জবাব দিয়েছেন কোহলি। ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে ১৬ বছর পর প্রত্যাবর্তন করে দুটি ম্যাচে করেন ১৩১ ও ৭৭ রান। সেই সঙ্গে দ্রুততম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন তিনি। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। এ বার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য বিরাট কোহলির। শুভমন গিলের নেতৃত্বাধীন দলে রোহিত শর্মাও ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। সব মিলিয়ে সিরিজ শুরুর আগেই কোহলিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।






